১৮ নভেম্বর ২০২৬, বুধবার সকালে নতুন প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে এই প্রশিক্ষণ শুরু হয়, যা প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন।
উদ্বোধনী বক্তব্যে উপাচার্য বলেন, শিক্ষাবিদ ও প্রাবন্ধিক মোতাহের হোসেন চৌধুরীর ভাষায় শিক্ষার উদ্দেশ্য ফল চাওয়া নয়, বরং ফলতে চাওয়া।ওবিই কারিকুলামের লক্ষ্যও তেমনি শিক্ষিত জনসমাজকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করা।
তিনি জানান, বিশ্ববিদ্যালয়ের অনেক বিভাগে ইতিমধ্যে ওবিই কারিকুলাম চালু হয়েছে এবং ধাপে ধাপে সব বিভাগেই তা চালু করা হবে। চারুকলা একটি বিশেষায়িত বিভাগ উল্লেখ করে তিনি আশাবাদ ব্যক্ত করেন, এই বিভাগের দক্ষ শিক্ষকরা প্রশিক্ষণ থেকে প্রাপ্ত দিকনির্দেশনা কাজে লাগিয়ে যুগোপযোগী কারিকুলাম তৈরি করতে সক্ষম হবেন।
তিনি আরও বলেন, প্রতিটি বিভাগের জন্য দুই পর্বে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। প্রথম পর্বে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ এবং দ্বিতীয় পর্বে বাস্তবায়ন ও কারিকুলাম সম্পন্নকরণ। ওবিই কারিকুলাম প্রণয়ন ও বাস্তবায়নই এই উদ্যোগের মূল লক্ষ্য বলে তিনি জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ ইমদাদুল হুদা এবং চারুকলা অনুষদের ডিন প্রফেসর ড. মুহাম্মদ এমদাদুর রাশেদ (রাশেদ সুখন)। স্বাগত বক্তব্য দেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) খন্দকার নাজমুল হাসান, এবং রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ড্রইং অ্যান্ড পেইন্টিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. আবু কালাম শামসুদ্দিন।
বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাশুরেন্স সেল (আইকিউএসি) আয়োজিত এই প্রশিক্ষণ কর্মসূচিতে সভাপতিত্ব করেন আইকিউএসি পরিচালক প্রফেসর ড. এ এইচ এম কামাল, এবং উদ্বোধনী পর্ব সঞ্চালনা করেন আইকিউএসি-র অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. তুষার কান্তি সাহা। এ সময় আইকিউএসি-র অতিরিক্ত পরিচালক ড. মো. জাহিদুল ইসলামসহ চারুকলা অনুষদের প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।