মঙ্গলবার, নভেম্বর ১৭, ২০২৬
৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

‎ববিতে নবীনবরণ ঘিরে ক্ষোভ বিশ্ববিদ্যালয়ের সকল ক্রিয়াশীল ছাত্রসংগঠনের

‎বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

প্রকাশিত: ১৬ নভেম্বর, ২০২৬, ০৫:৪৭ পিএম

‎ববিতে নবীনবরণ ঘিরে ক্ষোভ বিশ্ববিদ্যালয়ের সকল ক্রিয়াশীল ছাত্রসংগঠনের
ছবি : নিজস্ব প্রতিনিধি

‎বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ১৫তম ব্যাচের নবীনবরণকে ঘিরে ক্ষোভ প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয়ে ক্রিয়াশীল ছাত্রসংগঠনের নেতারা। এর মধ্যে ছাত্রদলের সাবেক ও বর্তমান নেতাদেরও ক্ষোভ প্রকাশ করতে দেখা যায়।

 

‎সোমবার বিশ্ববিদ্যালয়ের উক্ত নবীনবরণে ববি শাখা ছাত্রদলের সভাপতিকে বক্তব্য প্রদানের সুযোগ করে দেওয়ার পর থেকেই ক্ষোভ প্রকাশ করতে দেখা যায় ববি শাখা ছাত্রশিবির, ছাত্রশক্তি এবং স্বয়ং ছাত্রদলের সাবেক ও বর্তমান নেতাদের।

 

এক ফেসবুক পোস্টে ববি শাখা ছাত্রদলের সাবেক আহ্বায়ক রেজা শরিফ বলেন, ৫ আগস্টের আগে বিশ্ববিদ্যালয়ে বিএনপির রাজনীতির দুঃসময়ে ছাত্রদলের নেতাকর্মীরাই সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। অথচ বর্তমানে বিএনপিপন্থী শিক্ষকেরা বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদে দায়িত্ব পালন করলেও সাবেক ছাত্রদল নেতাদের ন্যূনতম সম্মান ও মূল্যায়ন করছেন না।

 

‎তিনি বলেন, “আমরা কোনো পদ-পদবি চাই না, শুধু সম্মান ও মূল্যায়ন চাই। বরিশাল বিশ্ববিদ্যালয়ে বিএনপির রাজনীতিতে আমরা আপনাদের রাজনৈতিক সিনিয়র, অথচ আজ আমাদেরই ভুলে গেলেন?”

 

‎অন্য আরেকটি ফেসবুক পোস্টে ববি শাখা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক জাকারিয়া ইসলাম বাবু অভিযোগ করেন, বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীনবরণ অনুষ্ঠানে কেবল ছাত্রদলের নেতৃবৃন্দকে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হয়েছে, অথচ ক্যাম্পাসে অন্যান্য ক্রিয়াশীল ছাত্রসংগঠনও রয়েছে।

 

বিশ্ববিদ্যালয় প্রশাসন কি কোনো নির্দিষ্ট ছাত্রসংগঠনের প্রতিনিধিত্ব করে, নাকি সব শিক্ষার্থীর অভিভাবক? বিশ্ববিদ্যালয় কোনো দলের রাজনৈতিক কার্যালয় নয়। প্রশাসনের এমন পক্ষপাতমূলক আচরণ নিরপেক্ষতা ও গণতান্ত্রিক পরিবেশকে প্রশ্নবিদ্ধ করে।

 

আমরা চাই, দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে প্রশাসন সব ছাত্রসংগঠনের প্রতি সমান আচরণ নিশ্চিত করুক। নবীনবরণ হোক সাম্য, সৌহার্দ্য ও সহাবস্থানের প্রতীক। ‎ববি শাখা ছাত্রশক্তির আহ্বায়ক মোহাম্মদ বিলাল তাঁর এক ফেসবুক পোস্টে বলেন, বরিশাল বিশ্ববিদ্যালয়ের ৫১ একরজুড়ে আয়োজিত নবীনবরণ অনুষ্ঠানে ক্যাম্পাসের সব ক্রিয়াশীল ছাত্রসংগঠনকে সম্পৃক্ত করে ঐক্য ও সহাবস্থানের বার্তা দেওয়ার সুযোগ ছিল।

 

কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন তা করতে ব্যর্থ হয়েছে। বিশেষ একটি ছাত্রসংগঠন ছাড়া অন্য কাউকে আমন্ত্রণ না জানানো প্রশাসনের পক্ষপাতমূলক মনোভাবেরই বহিঃপ্রকাশ। ২৪-এর পরবর্তী সময়ে এসে এমন আচরণ কোনোভাবেই কাম্য নয়।

 

স্বার্থপরতা দিয়ে কখনো ঐক্য প্রতিষ্ঠা করা যায় না। বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আহ্বান, দলীয় পক্ষপাত ও স্বার্থপরতার ঊর্ধ্বে উঠে সব সংগঠনের প্রতি সমান আচরণ নিশ্চিত করুন। ‎এ ছাড়াও ক্ষোভ প্রকাশ করতে দেখা যায় ববি শাখা ছাত্রদলের বর্তমান কমিটির নেতাদের।

 

‎এ বিষয়ে বিশ্ববিদ্যালয়টির রেজিস্ট্রার ও নবীনবরণ কমিটির সদস্যসচিব ড. আবদুল আলিম বছির বলেন, একটা প্রোগ্রাম হলে সেখানে অনেক সময় ত্রুটিবিচ্যুতি থাকে, সময় সংকীর্ণতা থাকে। আবার আমাদের প্রধান অতিথির সময় সংকীর্ণতা ছিল, এ কারণে আরকি হয়ে ওঠেনি।

 

‎ছাত্রদলকে বক্তব্য দিতে দেখা গেছে, কিন্তু অন্য কোনো সংগঠনের কাউকে বক্তব্য দিতে দেখা যায়নি,এমন প্রশ্নে তিনি বলেন, “তারা ছাত্রদল, কিন্তু তারা কি এ বিশ্ববিদ্যালয়ের ছাত্র না? এই বিষয়ে আমার বক্তব্য এতটুকুই।”