শনিবার, নভেম্বর ১৪, ২০২৬
৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শারীরিক শিক্ষা দপ্তরের তালিকায় বিভাগের নামের আগে ‘মোঃ’, সমালোচনার ঝড়

‎বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

প্রকাশিত: ১৪ নভেম্বর, ২০২৬, ০১:৩৭ পিএম

শারীরিক শিক্ষা দপ্তরের তালিকায় বিভাগের নামের আগে ‘মোঃ’, সমালোচনার ঝড়
ছবি : নিজস্ব প্রতিনিধি

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ফুটবল দলের খেলোয়াড়দের তালিকায় এক শিক্ষার্থীর বিভাগের নামের আগে ‘মোঃ’ যুক্ত হওয়ায় বিষয়টি নিয়ে কৌতূহল ও সমালোচনার সৃষ্টি হয়েছে। শারীরিক শিক্ষা দপ্তরের অসতর্কতার কারণে এমন ভুল হয়েছে বলে অভিযোগ করেছেন শিক্ষার্থীরা।

 

বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা দপ্তর থেকে প্রকাশিত ২০২৬-২৭ শিক্ষাবর্ষের আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল (ছাত্র) প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য খেলোয়াড়দের তালিকায় এ অসংগতি দেখা যায়। তালিকাটিতে শারীরিক শিক্ষা দপ্তরের পরিচালক মো. সিরাজিস সাদিক ও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আব্দুল আলিম বছিরের স্বাক্ষর রয়েছে।

 

প্রকাশিত তালিকার ১২ নম্বর ক্রমিকে থাকা শিক্ষার্থী মো. মেহেদী হাসানের বিভাগের নাম উল্লেখ করা হয়েছে ‘মোঃ কোস্টাল স্টাডিজ অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট’। অথচ বিভাগের প্রকৃত নাম ‘কোস্টাল স্টাডিজ অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট’।

 

ব্যক্তির নামের আগে ব্যবহৃত ‘মোঃ’ কীভাবে বিভাগের নামের সঙ্গে যুক্ত হলো, তা নিয়েই প্রশ্ন তুলেছেন শিক্ষার্থীরা। তাদের মতে, একটি বিশ্ববিদ্যালয়ের দাপ্তরিক তালিকায় এমন ভুল সংশ্লিষ্ট দপ্তরের অসতর্কতারই পরিচয় দেয়।

 

তালিকাটি প্রকাশের আগে যথাযথভাবে যাচাই করা হলে এ ধরনের অসংগতি এড়ানো সম্ভব হতো। ববি শিক্ষার্থী রিপন মন্ডল বলেন,"বিশ্ববিদ্যালয়ের দপ্তরগুলো কিভাবে চলে আমি জানিনা। একটা বিশ্ববিদ্যালয়ের শারিরীক শিক্ষার মতো দপ্তর এভাবে চলতে পারেনা।

 

আমরা দপ্তরের পরিচালকের স্বাক্ষর সেখানে দেখেছি। তিনি কিভাবে যাচাই-বাছাই ছাড়াই স্বাক্ষর করেছে সেটাই বড় প্রশ্ন। অন্যান্য বিশ্ববিদ্যালয় থেকে বন্ধুবান্ধব ফোন দিয়ে মজা করছে।" এবিষয়ে শারীরিক শিক্ষা দপ্তরের পরিচালক সিরাজিস সাদিক বলেন,"এটা একটা টাইপিং মিস্টেক হয়েছে। বিষয়টি তখন নজরে আসেনি। আমরা আগামীকাল পূণরায় তালিকা প্রকাশ করবো।"