শনিবার, অক্টোবর ৩১, ২০২৬
১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

হাবিপ্রবিতে ১৬তম বাংলাদেশ রসায়ন অলিম্পিয়াডের আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত।

হাবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত: ৩১ অক্টোবর, ২০২৬, ০৭:২০ পিএম

হাবিপ্রবিতে ১৬তম বাংলাদেশ রসায়ন অলিম্পিয়াডের আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত।
ছবি : নিজস্ব প্রতিনিধি

শিক্ষার্থীদের মধ্যে রসায়নবিষয়ক জ্ঞানচর্চায় আগ্রহ সৃষ্টি, মেধা ও সৃজনশীলতার বিকাশ এবং ভবিষ্যতের দক্ষ রসায়নবিদ অন্বেষণের লক্ষ্যে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) অনুষ্ঠিত হয়েছে ১৬তম বাংলাদেশ রসায়ন অলিম্পিয়াড-২০২৭-এর রংপুর আঞ্চলিক পর্ব (প্রিলিমিনারি)।

 

শনিবার (৩১ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের আয়োজনে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় রংপুর অঞ্চলের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ৪৬৬ জন শিক্ষার্থী নিবন্ধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম. এনামুল্লাহ।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. নওশের ওয়ান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. মাসুদুল হাসান খান এবং বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মনিমুল ইসলাম। অলিম্পিয়াডের আঞ্চলিক পর্বের আহ্বায়কের দায়িত্ব পালন করছেন রসায়ন বিভাগের অধ্যাপক ড. বলরাম রায় এবং সদস্যসচিব হিসেবে রয়েছেন ড. ফাতিহা ফারহানা।

 

আয়োজক সূত্রে জানা যায়, ১০০ নম্বরের বহুনির্বাচনি (এমসিকিউ) পদ্ধতিতে এক ঘণ্টাব্যাপী এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় অংশগ্রহণকারীদের মধ্য থেকে মেধাক্রম অনুযায়ী সেরা ১০ জনকে বিজয়ী হিসেবে নির্বাচিত করা হয়। পরে বিজয়ীদের মেডেল, সনদপত্র ও ক্রেস্ট প্রদান করা হয়।

 

অলিম্পিয়াডের আঞ্চলিক পর্বের আহ্বায়ক অধ্যাপক ড. বলরাম রায় বলেন, ‘এই খুদে রসায়নবিদদের বিশ্বমঞ্চে প্রতিনিধিত্ব করার সুযোগ দিতে পারলে আমাদের দেশের রসায়নচর্চা সুদূরপ্রসারী হবে। এ ধরনের আয়োজনের মাধ্যমে প্রকৃত রসায়নপ্রেমীদের খুঁজে বের করা সম্ভব।’

 

আয়োজক সূত্রে আরও জানা যায়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগ বাংলাদেশ কেমিক্যাল সোসাইটির সহযোগিতায় ১৬তম বাংলাদেশ রসায়ন অলিম্পিয়াডের সার্বিক আয়োজন করছে। এবারের প্রিলিমিনারি পর্ব দেশের ১৪টি কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হয়েছে। এতে এইচএসসি ও এ-লেভেল পর্যায়ের প্রায় চার হাজার শিক্ষার্থীর অংশগ্রহণের কথা রয়েছে।

 

প্রতিটি কেন্দ্র থেকে মেধাক্রম অনুযায়ী সেরা ১০ জনকে পুরস্কৃত করা হবে। সারা দেশের আঞ্চলিক পর্ব থেকে নির্বাচিত সেরা ২০০ শিক্ষার্থী চূড়ান্ত পর্বে অংশগ্রহণের সুযোগ পাবে। আগামী ২৮ নভেম্বর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগে এ পর্ব অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

 

চূড়ান্ত পর্ব থেকে মেধার ভিত্তিতে নির্বাচিত সেরা চার শিক্ষার্থী আগামী বছরের ১৯ থেকে ২৮ জুলাই তাইওয়ানের তাইপেতে অনুষ্ঠেয় আন্তর্জাতিক রসায়ন অলিম্পিয়াডে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পাবে।

 

আয়োজকদের প্রত্যাশা, এ ধরনের প্রতিযোগিতা শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের সীমাবদ্ধতা অতিক্রম করে রসায়নের ব্যবহারিক ও সৃজনশীল জ্ঞান অর্জনে উৎসাহিত করবে। একই সঙ্গে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে সক্ষম মেধাবী শিক্ষার্থী গড়ে তুলতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এ আয়োজন।