বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাব (বিইউসিসি) ও পুলক হাসান অনলাইন IELTS-এর যৌথ আয়োজনে এ সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে শিক্ষার্থীদের IELTS প্রস্তুতি, বিদেশি বিশ্ববিদ্যালয়ে ভর্তির যোগ্যতা, আবেদনপ্রক্রিয়া এবং উচ্চশিক্ষার বিভিন্ন সুযোগ সম্পর্কে বাস্তবসম্মত ধারণা দেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।
পাশাপাশি বিদেশে উচ্চশিক্ষার স্বপ্ন বাস্তবায়নে সঠিক তথ্য, পরিকল্পনা ও যথাযথ প্রস্তুতির প্রয়োজনীয়তা তুলে ধরা হয়। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, কোর্সে নিবন্ধনকারী শিক্ষার্থীদের মধ্য থেকে নির্ধারিতসংখ্যক শিক্ষার্থীকে দুই মাসের বিনামূল্যে IELTS কোর্স করার সুযোগ দেওয়া হবে।
এ উদ্যোগ শিক্ষার্থীদের ইংরেজি ভাষার দক্ষতা বৃদ্ধি এবং বিদেশে উচ্চশিক্ষার প্রস্তুতিতে সহায়ক ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা। অনুষ্ঠানে উপস্থিত থেকে দিকনির্দেশনা দেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের চেয়ারম্যান ও বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের উপদেষ্টা অধ্যাপক ড. মো. সাখাওয়াত হোসেন।
সেমিনারে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ড. পুলক হাসান (Dr. Polok Hasan)। অনুষ্ঠান সম্পর্কে বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের বর্তমান মানবসম্পদ ব্যবস্থাপনা (HRM) বিভাগের দায়িত্বপ্রাপ্ত মো. রবিউল ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থীর বিদেশে উচ্চশিক্ষা গ্রহণের স্বপ্ন রয়েছে।
তবে সঠিক তথ্য, পরিকল্পনা ও প্রয়োজনীয় প্রস্তুতির অভাবে অনেকেই তাঁদের লক্ষ্যের দিকে এগিয়ে যেতে পারেন না। শিক্ষার্থীরা যেন এ বিষয়ে যথাযথ দিকনির্দেশনা পান এবং নিজেদের ভবিষ্যৎ গড়ার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নিতে পারেন, সে লক্ষ্যেই এ সেমিনারের আয়োজন করা হয়েছে।
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন, ক্যারিয়ার পরিকল্পনা এবং ভবিষ্যৎ সম্ভাবনা বিকাশে বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাব কাজ করে যাচ্ছে। শুধু আয়োজনের মধ্যে সীমাবদ্ধ না থেকে শিক্ষার্থীদের জন্য কার্যকর সুযোগ তৈরি করাই ক্লাবের অন্যতম লক্ষ্য।
ভবিষ্যতেও শিক্ষার্থীদের চাহিদা ও সম্ভাবনাকে গুরুত্ব দিয়ে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। আয়োজকেরা মনে করেন, এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের আন্তর্জাতিক উচ্চশিক্ষার সুযোগ সম্পর্কে সচেতন করার পাশাপাশি তাঁদের ক্যারিয়ার পরিকল্পনায় ইতিবাচক ভূমিকা রাখবে। একই সঙ্গে বিনামূল্যে IELTS কোর্সের সুযোগ মেধাবী ও আগ্রহী শিক্ষার্থীদের বিদেশে উচ্চশিক্ষার প্রস্তুতি গ্রহণে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।