মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬
২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হিসাববিজ্ঞান বিভাগে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

প্রকাশিত: ০৬ অক্টোবর, ২০২৬, ০৭:৫৮ পিএম

হিসাববিজ্ঞান বিভাগে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
ছবি : নিজস্ব প্রতিনিধি

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে ‘Pathways to Higher Education in Foreign Countries’ শীর্ষক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

 

৬ অক্টোবর ২০২৬, মঙ্গলবার সকালে পুরনো প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে এই কর্মশালা শুরু হয়, যা প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন।

 

উদ্বোধনী বক্তব্যে উপাচার্য বলেন, বেশিরভাগ শিক্ষার্থীই বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহী হলেও সবাই সে সুযোগ কাজে লাগাতে পারে না। তিনি জানান, এজন্য সংশ্লিষ্ট দেশের নির্দিষ্ট বিভাগের শিক্ষকদের সঙ্গে যোগাযোগ রেখে এগোনো প্রয়োজন, এবং অনেক স্কলারশিপের সুযোগ থাকলেও তথ্যের অভাবে শিক্ষার্থীরা তা গ্রহণ করতে পারেন না।

 

তিনি মন্তব্য করেন যে, দেশের শিক্ষার্থীরা মেধার দিক থেকে অন্য দেশের শিক্ষার্থীদের চেয়ে পিছিয়ে নেই, শুধু সেই মেধাকে সঠিক পথে কাজে লাগানো দরকার। শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, বিদেশে পড়তে গেলে স্কলারশিপ নিয়ে যাওয়া উচিত এবং এজন্য আগে থেকে সুনির্দিষ্ট লক্ষ্য ঠিক করে সে অনুযায়ী এগোতে হবে।

 

পাশাপাশি তিনি উদ্বেগ প্রকাশ করেন যে, অনেক মেধাবী শিক্ষার্থী বিদেশে উচ্চশিক্ষা শেষে দেশে ফেরেন না এবং আহ্বান জানান যেন তাঁরা শিক্ষাশেষে দেশে ফিরে অর্জিত জ্ঞান দেশের কল্যাণে ব্যবহার করেন।


হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের HEAT (Higher Education Acceleration and Transformation) সাব-প্রজেক্টের উদ্যোগে আয়োজিত এই কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ ইমদাদুল হুদা এবং সামাজিক বিজ্ঞান  অনুষদের ডিন প্রফেসর ড. রাজু আহমেদ।

 

স্বাগত বক্তব্য দেন হিট প্রজেক্টের এসপিএম ড. মো. শফিকুল ইসলাম এবং সভাপতিত্ব করেন ব্যবসায় প্রশাসন অনুষদের সাবেক ডিন প্রফেসর ড. সাখাওয়াত হোসেন  সরকার (এএসপিএম)।

 

রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. মো. আব্দুল কাইয়ুম মাসুদ এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব এগ্রিবিজনেস এন্ড ডেভেলপমেন্টের সহকারী অধ্যাপক ড. মো. হাবিবুর রহমান। কর্মশালার উদ্বোধনী পর্বে বিভাগের ২৩ জন অস্বচ্ছল শিক্ষার্থীকে তিন হাজার টাকা করে বৃত্তি প্রদান করা হয়, যা উপাচার্য নিজ হাতে শিক্ষার্থীদের কাছে তুলে দেন।