বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কার্যালয় থেকে ১ অক্টোবর ২০২৬ তারিখে রেজিস্ট্রার ড. আব্দুল আলিম বাছির এর স্বাক্ষরিত এক বিজ্ঞাপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের ৯৫তম সভায় (২৯ সেপ্টেম্বর ২০২৬) আলোচিত বিষয়-১৩৭৮-এর অনুমোদনের পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নোটিশে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয় প্রশাসনের পূর্বানুমোদন ছাড়া ‘বরিশাল বিশ্ববিদ্যালয়’, ‘ববি’, ‘বিইউ’, ‘বরিশাল ইউনিভার্সিটি’, ‘University of Barishal’, ‘Barishal University’, ‘BU’ ইত্যাদি নাম এবং বিশ্ববিদ্যালয়ের লোগো ব্যবহার করা যাবে না।
এছাড়া প্রশাসনের অনুমোদন ছাড়া বিশ্ববিদ্যালয়ের নাম, লোগো ও অন্যান্য পরিচিতিচিহ্ন ব্যবহার করে কোনো সামাজিক যোগাযোগমাধ্যমের প্ল্যাটফর্ম, পেজ বা অ্যাকাউন্ট পরিচালনা করা যাবে না।
বিশ্ববিদ্যালয়ের নাম ও লোগো ব্যবহার করে অনুমোদনহীন কোনো পেজ বা অ্যাকাউন্ট পরিচালনা, বিশ্ববিদ্যালয়ের নামে অসত্য, বিভ্রান্তিকর বা অনুমোদনহীন তথ্য প্রচার করা হলে প্রচলিত আইন, বিশ্ববিদ্যালয়ের প্রযোজ্য বিধি-বিধান এবং প্রণীত নীতিমালা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।
এতে আরও বলা হয়, বিশ্ববিদ্যালয়ের নাম ও লোগোর অপব্যবহার, অসত্য ও বিভ্রান্তিকর তথ্য প্রচার এবং সাইবার-সংক্রান্ত অনিয়ম প্রতিরোধে বিশ্ববিদ্যালয় প্রশাসন বাংলাদেশ পুলিশের সাইবার টিমের সঙ্গে সমন্বয় করে কার্যক্রম পরিচালনা করবে।
নোটিশে বিশ্ববিদ্যালয়ের নাম ও লোগোর অপব্যবহার করে পরিচালিত কোনো সামাজিক যোগাযোগমাধ্যম বা যোগাযোগমাধ্যমকে বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল প্ল্যাটফর্ম হিসেবে বিবেচনা না করার বিষয়টিও স্পষ্ট করা হয়েছে।