বুধবার সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল (আইকিউএসি) কর্মশালাটির আয়োজন করে।
বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক এবং আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ সায়দুর রহমানের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম এম শরীফুল করিম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসাইন সরকার এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল উদ্দিন। কর্মশালার পরামর্শক কমিটিতে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও পরিবেশবিষয়ক বিশেষজ্ঞরা রয়েছেন।
কমিটিতে রয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও সাবেক প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. জসিম উদ্দিন আহমেদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. এম. আতিউর রহমান, একই বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. জয়নুল আবেদিন সিদ্দিক, অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. আহসান হাবিব, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. শফি মোহাম্মদ তোরেক, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আবদুল্লাহ হারুন চৌধুরী এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ জিয়াউল হায়দার।
কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের সবুজ ও টেকসই ক্যাম্পাস গড়ে তোলার জন্য দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও কৌশলগত কাঠামো তৈরির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। এতে পরিবেশবান্ধব বিশ্ববিদ্যালয় গড়ে তোলার ক্ষেত্রে সংশ্লিষ্টদের ভূমিকা ও ভবিষ্যৎ পরিকল্পনার বিষয়ও গুরুত্ব পায়।
উপাচার্য অধ্যাপক ড. এম এম শরীফুল করিম বলেন, নতুন ক্যাম্পাসের প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণ করে অবকাঠামো নির্মাণ এবং পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব কমিয়ে এটিকে একটি আধুনিক ও মডেল বিশ্ববিদ্যালয়ে পরিণত করতে চাই।
এজন্য প্রযুক্তির ব্যবহার, কার্যকর নীতিমালা এবং পরিবেশবান্ধব পরিকল্পনা গ্রহণ করা হবে। তিনি আরো বলেন, বর্তমান ক্যাম্পাসেও আমরা পরিবেশ সংরক্ষণে গুরুত্ব দিচ্ছি। ইতোমধ্যে প্রায় পাঁচ হাজার বৃক্ষরোপণ করা হয়েছে।
তবে শুধু বৃক্ষরোপণ নয়, একটি সত্যিকারের গ্রিন ক্যাম্পাস গড়ে তুলতে আমাদের মানসিকতার পরিবর্তন ও সমন্বিত উদ্যোগ প্রয়োজন। বিশ্ববিদ্যালয় প্রশাসন, শিক্ষক-শিক্ষার্থী, সরকার ও সচেতন মহলের সম্মিলিত প্রচেষ্টায় এই লক্ষ্য বাস্তবায়ন করতে চাই।