মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬
২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রাবিতে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে হাবিপ্রবিসাসের মৌন মানববন্ধন

হাবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত: ০৬ অক্টোবর, ২০২৬, ০৭:৫৪ পিএম

রাবিতে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে হাবিপ্রবিসাসের মৌন মানববন্ধন
ছবি : নিজস্ব প্রতিনিধি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সাংবাদিকদের ওপর হামলা ও মারধরের প্রতিবাদে চোখে কালো কাপড় বেঁধে মৌন মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) কর্মরত সাংবাদিকরা।

 

মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচি থেকে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায় হাবিপ্রবি সাংবাদিক সমিতি।

 

মৌন মানববন্ধনে উপস্থিত ছিলেন হাবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি তালহা হাসান, সাধারণ সম্পাদক রাফিউল হুদা, সহ-সভাপতি হায়দার আলী, সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান, অর্থ সম্পাদক সারোয়ার আলম রিজনসহ বিশ্ববিদ্যালয়ে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা।

 

এ সময় হামলার প্রতিবাদ ও জড়িতদের বিচারের দাবিতে বিভিন্ন প্ল্যাকার্ড প্রদর্শন করেন তারা। কর্মসূচিতে সাংবাদিকরা বলেন, হামলা, হুমকি কিংবা ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে সাংবাদিকদের সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ থেকে বিরত রাখা যাবে না।

 

সাংবাদিকদের ওপর হামলা স্বাধীন ও নিরাপদ সাংবাদিকতার জন্য হুমকিস্বরূপ। তারা আরও বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে। পাশাপাশি রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ দেশের সব বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সাংবাদিকদের নিরাপদে ও নির্বিঘ্নে পেশাগত দায়িত্ব পালনের পরিবেশ নিশ্চিত করতে হবে।