মঙ্গলবার, নভেম্বর ২৪, ২০২৬
১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

নজরুল বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে পাশ্চাত্য নাটক 'প্রমিথিউস বাউন্ড' মঞ্চায়ন

জাককানইবি প্রতিনিধি

প্রকাশিত: ২৪ নভেম্বর, ২০২৬, ১১:৩৭ পিএম

নজরুল বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে পাশ্চাত্য নাটক 'প্রমিথিউস বাউন্ড' মঞ্চায়ন
ছবি : নিজস্ব প্রতিবেদক

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা ও পরিবেশনা বিভাগের শিক্ষার্থীদের অভিনয়ে মঞ্চস্থ হয়েছে পাশ্চাত্য নাটক ‘প্রমিথিউস বাউন্ড’।

 

বিভাগের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ প্রথম সেমিস্টারের ব্যবহারিক কোর্স ‘সিন ওয়ার্ক: ওয়েস্টার্ন ক্লাসিক ড্রামা’-এর সেমিস্টার ফাইনাল পরীক্ষার অংশ হিসেবে নাটকটি মঞ্চায়িত হয়।

 

দুই দিনব্যাপী আয়োজনের প্রথম দিনে এটি পরিবেশিত হয়। আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যা ৭টায় টিএসসি অডিটোরিয়ামে নাটকটি মঞ্চস্থ হয়। বিভাগের সহকারী অধ্যাপক মো. মাজহারুল হোসেন তোকদার (বাধন)-এর তত্ত্বাবধানে নাটকটি মঞ্চায়িত হয়।

 

নাটকে প্রমিথিউস চরিত্রে অভিনয় করেছেন ইফানুর জামান স্নিগ্ধ। তিনি বলেন, ‘আজ আমাদের পাশ্চাত্য নাটক “প্রমিথিউস বাউন্ড”-এর পরীক্ষা ছিল। এটাই আমার জীবনের প্রথম মঞ্চ অভিনয়।

 

আমাদের কোর্স শিক্ষকের প্রযোজনা আগে থেকেই খুব ভালো। প্রায় চার মাস ধরে তিনি আমাদের তিলে তিলে গড়ে এই রূপে এনেছেন। স্যারের কাছ থেকে অনেক কিছু শিখতে পেরেছি।’

 

নাটকের তত্ত্বাবধায়ক মাজহারুল হোসেন তোকদার বলেন, ‘শিক্ষার্থীদের অধিকাংশ আগে কখনো থিয়েটারের সঙ্গে যুক্ত ছিল না। তাদের জন্য যেমন টিম ওয়ার্কের এটি প্রথম অভিজ্ঞতা, তেমনি আমার জন্যও এটি ছিল নতুন অভিজ্ঞতা।

 

আমার বিশ্বাস, ভবিষ্যতে থিয়েটার চর্চায় এ অভিজ্ঞতা তাদের অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।’ তিনি আরও বলেন, ‘এই মঞ্চে আগে কখনো থিয়েটার মঞ্চায়িত হয়নি। নির্মাণাধীন ভবনে নাটক মঞ্চস্থ করা ছিল বড় চ্যালেঞ্জ।’

 

দর্শক হিসেবে উপস্থিত ফোকলোর অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট সায়েন্স বিভাগের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সুমাইয়া মেহেরিন বলেন, ‘মঞ্চায়ন খুব ভালো হয়েছে।

 

একটা অন্যরকম অনুভূতি ছিল। ওদের জন্য শুভকামনা।’ অনুষ্ঠানের সহযোগিতায় ছিল রোভার স্কাউট। বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা দর্শক হিসেবে উপস্থিত ছিলেন।