এই ঐতিহাসিক চুক্তিটিকে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে আনুষ্ঠানিক সম্পর্ক পুনঃস্থাপন না করেই মহাদেশে ব্রিটেনের প্রভাব পুনর্গঠনে স্টারমারের নীতির একটি গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে দেখা হচ্ছে। চুক্তির সবচেয়ে উল্লেখযোগ্য দিকগুলোর মধ্যে একটি হলো মানবপাচার রোধে জার্মানির কঠোর পদক্ষেপ। জার্মানি যুক্তরাজ্যে অবৈধ অভিবাসনে সহায়তা করাকে আইনত দণ্ডনীয় অপরাধ হিসেবে ঘোষণা করতে সম্মত হয়েছে। এর ফলে জার্মানিতে থাকা মানব পাচারকারী চক্রের গুদাম এবং ছোট নৌকা ও ইঞ্জিন সরবরাহের লজিস্টিক হাবগুলোতে অভিযান চালানো সহজ হবে। ব্রিটিশ কর্মকর্তারা বলছেন, এই নতুন আইন চ্যানেল অতিক্রমের বিপজ্জনক যাত্রার পেছনের সরবরাহ শৃঙ্খলকে উল্লেখযোগ্যভাবে ব্যাহত করবে।
প্রতিরক্ষা খাতে, চুক্তিটি দুই দেশের মধ্যে সম্পর্ককে আরও মজবুত করবে। এতে দূরপাল্লার অস্ত্র যৌথভাবে তৈরি এবং সাইবার ও হাইব্রিড হামলার বিরুদ্ধে একযোগে কাজ করার কথা বলা হয়েছে। চুক্তিতে উল্লেখ করা হয়েছে, "একজনের জন্য যা কৌশলগত হুমকি, তা অন্যের জন্যও কৌশলগত হুমকি হিসেবে বিবেচিত হবে।" বিশ্বজুড়ে অস্থিরতা এবং ইউরোপীয় নিরাপত্তায় মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে অনিশ্চয়তার আবহে এই প্রতিরক্ষা সহযোগিতা অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
এছাড়াও, এই চুক্তির মাধ্যমে দুই দেশের তরুণদের মধ্যে যোগাযোগ বাড়ানোর ওপর জোর দেওয়া হয়েছে। ২০২৫ সালের শেষ নাগাদ দুই দেশের স্কুল শিক্ষার্থীদের জন্য ভিসামুক্ত ভ্রমণের সুযোগ তৈরি করা হবে, যা ভাষা ও সাংস্কৃতিক বিনিময়কে উৎসাহিত করবে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই চুক্তিটি কেবল যুক্তরাজ্য-জার্মানি সম্পর্ককেই নতুন উচ্চতায় নিয়ে যাবে না, বরং এটি লন্ডন, প্যারিস ও বার্লিনের মধ্যে অনানুষ্ঠানিক ‘E3’ জোটকে সক্রিয় করার একটি প্রচেষ্টা। যখন জার্মান চ্যান্সেলর মার্জ নিজ দেশে অর্থনৈতিক চাপ এবং রাজনৈতিক চ্যালেঞ্জের মুখোমুখি, তখন এই সফর বিদেশে তার নেতৃত্বকে তুলে ধরার একটি সুযোগ করে দিয়েছে। সব মিলিয়ে, এই চুক্তিটি পরিবর্তিত বিশ্ব পরিস্থিতিতে ইউরোপীয় ঐক্যের একটি নতুন বার্তা দিচ্ছে।
---