বৃহস্পতিবার, নভেম্বর ২৬, ২০২৬
১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

পোল্ট্রি ও প্রাণিসম্পদ খাত দেশের অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখছে: প্রধানমন্ত্রী

আর এন এস ডেস্ক

প্রকাশিত: ২৬ নভেম্বর, ২০২৬, ১২:৩৫ পিএম

পোল্ট্রি ও প্রাণিসম্পদ খাত দেশের অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখছে: প্রধানমন্ত্রী
ছবি: সংগৃহীত

দেশের সামগ্রিক অর্থনীতি ও খাদ্য নিরাপত্তায় পোল্ট্রি এবং প্রাণিসম্পদ খাত অত্যন্ত ইতিবাচক ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার সকালে রাজধানীর শেরে-বাংলা নগরের পুরাতন বাণিজ্য মেলার মাঠে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

 

প্রধানমন্ত্রী জানান, বর্তমানে দেশে বাণিজ্যিক ও প্রান্তিক পর্যায়ে দুই লাখের বেশি পোল্ট্রি খামার সক্রিয় রয়েছে এবং এসব খামারে প্রতিদিন প্রায় ছয় কোটি ৮৮ লাখ ডিম উৎপন্ন হচ্ছে, যা দেশের অর্থনীতি ও পুষ্টি ব্যবস্থার জন্য একটি বড় সাফল্য।

 

সেমিনারে প্রধানমন্ত্রী বলেন, পোল্ট্রি খাত ঘিরে দেশে বিপুলসংখ্যক নতুন উদ্যোক্তা তৈরি হয়েছে। প্রায় ৬০ লাখ মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এই খাতের সঙ্গে যুক্ত হয়ে জীবিকা নির্বাহ করছেন, যার মধ্যে ৪০ শতাংশই নারী। বর্তমানে এই খাতে বেসরকারি বিনিয়োগের পরিমাণ প্রায় ৫০ হাজার কোটি টাকায় পৌঁছেছে।

 

পাশাপাশি দেশের প্রায় ১৫ লাখ প্রান্তিক খামারি দৈনিক জীবিকা নির্বাহের তাগিদে পশু পালন করছেন। দেশজুড়ে ছড়িয়ে থাকা এসব খামার খাদ্য নিরাপত্তা, কর্মসংস্থান সৃষ্টি এবং রপ্তানি আয়ে ক্রমশ অবদান রাখছে বলে তিনি উল্লেখ করেন।

 

গবাদিপশু ও হাঁস-মুরগির সুস্থতা নিশ্চিত করাকে সরকারের অন্যতম প্রধান দায়িত্ব হিসেবে অভিহিত করে প্রধানমন্ত্রী বলেন, খামারিদের দোরগোড়ায় রোগ প্রতিরোধ ও চিকিৎসাসেবা পৌঁছে দিতে সরকার সব ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে।

 

প্রাণিসম্পদ খাতের বিকাশে বিভিন্ন রোগবালাইকে প্রধান বাধা হিসেবে চিহ্নিত করে তিনি জানান, প্রাণিসম্পদ গবেষণা প্রতিষ্ঠান থেকে ইতোমধ্যে ১৭টি রোগের টিকা তৈরি করা হচ্ছে। তবে চাহিদার তুলনায় তা যথেষ্ট নয় বলে সরকার আধুনিক টিকা উৎপাদন প্ল্যান্ট স্থাপনের উদ্যোগ নিয়েছে।

 

গ্রামীণ ও কৃষি অর্থনীতির প্রাণ হিসেবে কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতের গুরুত্ব তুলে ধরে তারেক রহমান বলেন, পুষ্টির চাহিদা পূরণের পাশাপাশি দারিদ্র্য বিমোচন ও গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করতে এই খাত বড় ভূমিকা পালন করছে।

 

নিজস্ব উৎপাদনে পুষ্টির জোগান নিশ্চিত করে সেই উৎপাদনকে টেকসই শিল্পে রূপান্তর করা গেলে স্বনির্ভর ও সমৃদ্ধ অর্থনীতি গড়ে তোলা সম্ভব। তিনি জোর দিয়ে বলেন, পুষ্টিগতভাবে শক্তিশালী প্রজন্মের শেখার সক্ষমতা, কর্মদক্ষতা ও উদ্ভাবনী শক্তি বেশি বিকশিত হয়।

 

তাই মেধাসমৃদ্ধ জাতি গঠনের স্বপ্ন পুষ্টির নিরাপত্তার সঙ্গে গভীরভাবে যুক্ত এবং প্রাণিজ আমিষ এর অন্যতম পূর্বশর্ত। বর্তমানে দেশের মানুষের প্রাণিজ আমিষ গ্রহণের ৫৬ শতাংশ দুধ, মাংস ও ডিম থেকে আসে।

 

প্রাণিসম্পদ খাতের রূপান্তর প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, এটি কেবল পশুপাখি পালনের মধ্যে সীমাবদ্ধ নেই, বরং দ্রুত একটি বাণিজ্যিক, পুষ্টি-নিরাপদ ও রপ্তানিমুখী শিল্পে পরিণত হচ্ছে। চলতি অর্থবছরে স্থির মূল্যে মোট দেশজ উৎপাদনে প্রাণিসম্পদ খাতের অবদান এক দশমিক আট এক শতাংশ এবং প্রবৃদ্ধির হার তিন দশমিক তিন শূন্য শতাংশ।

 

কৃষিজ মোট দেশজ উৎপাদনে এই খাতের অবদান ১৬ দশমিক পাঁচ ছয় শতাংশ। তিনি জানান, বর্তমান সরকারের সময়ে ২০২৬ সালের মার্চ থেকে আগস্ট পর্যন্ত ছয় মাসে প্রাণিসম্পদ খাত থেকে ১০৪ দশমিক ছয় চার লাখ মার্কিন ডলার রপ্তানি আয় হয়েছে। এই খাতের উন্নয়নে সরকার সব ধরনের নীতিগত ও অর্থনৈতিক সহায়তা অব্যাহত রাখবে।

 

উৎপাদনশীলতা ও অর্থনৈতিক সম্ভাবনা আরও বাড়াতে আধুনিক প্রযুক্তির ব্যবহার, উন্নত জাতের পশুপাখি পালন, রোগ নিয়ন্ত্রণ, মানসম্মত খাদ্য ও সুষ্ঠু ব্যবস্থাপনার ওপর গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী। খামারিদের প্রশিক্ষণ, গবেষণা ও উৎপাদন বৃদ্ধির উদ্যোগগুলো সঠিকভাবে বাস্তবায়িত হলে একদিকে যেমন স্বনির্ভরতা বাড়বে, অন্যদিকে বৈদেশিক মুদ্রা অর্জনের পথও সুগম হবে।

 

স্বল্পমেয়াদে চামড়াজাত পণ্য, পশুজাত উপজাত ও অনুমোদিত প্রক্রিয়াজাত পণ্য রপ্তানি বাড়ানোর সুযোগ রয়েছে উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশ প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে বাচ্চা উৎপাদনক্ষম উর্বর ডিম রপ্তানি করতে সক্ষম হয়েছে। এভাবেই বিদেশে প্রাণিজ পণ্যের নতুন বাজার খুঁজে বের করতে হবে।

 

দীর্ঘমেয়াদে আন্তর্জাতিক মানসম্পন্ন হালাল মাংস, দুগ্ধজাত পণ্য ও পোল্ট্রি পণ্যের রপ্তানি বাজার সম্প্রসারণের বিশাল সম্ভাবনার কথাও তুলে ধরেন তারেক রহমান। এ লক্ষ্যে আধুনিক প্রযুক্তি প্রয়োগ, উন্নত জাতের পশু পালন, কৃত্রিম প্রজনন, টিকাদান, রোগ প্রতিরোধ, উন্নত খাদ্য ব্যবস্থাপনা ও খামারের বর্জ্য ব্যবস্থাপনার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

 

উপকূলীয় অঞ্চল, সিলেট ও সুনামগঞ্জের হাওরে মহিষের প্রাপ্যতা ও উৎপাদনের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, উপকূলে জেগে ওঠা নতুন চর ও সরকারি খাস জমি সমবায় বন্দোবস্তের মাধ্যমে খামারিদের বরাদ্দ দেওয়ার সুযোগ রয়েছে।

 

এ বিষয়ে ভূমি মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট জেলা প্রশাসকদের সঙ্গে সমন্বয় করে উদ্যোগ নিতে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়কে আহ্বান জানান তিনি। শহরাঞ্চলে আর্থিকভাবে সক্ষম মানুষের মাঝে পোষা প্রাণী ও খাঁচায় পাখি পালনের প্রবণতা বৃদ্ধির বিষয়টি উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এটি একদিকে মানসিক প্রশান্তি দিচ্ছে, অন্যদিকে অনেকের আয়ের উৎস হয়েছে।

 

তবে মানুষের অধিকারের পাশাপাশি পশুপাখির অধিকার রক্ষায়ও সচেতন হতে হবে। প্রাণীকে ক্ষুধা ও তৃষ্ণা থেকে মুক্ত রাখা, অস্বস্তিতে না রাখা, ব্যথা, আঘাত ও রোগ থেকে সুরক্ষিত রাখা, স্বাভাবিক আচরণের স্বাধীনতা দেওয়া এবং ভয় ও মানসিক যন্ত্রণা থেকে মুক্ত রাখার মতো আন্তর্জাতিকভাবে স্বীকৃত অধিকারগুলো মেনে চলা প্রত্যেকের মানবিক দায়িত্ব।

 

খামারিদের প্রাণিসম্পদ খাতের মূল চালিকাশক্তি আখ্যা দিয়ে প্রধানমন্ত্রী বলেন, তাঁদের মেধা, পরিশ্রম ও নিষ্ঠায় খাতটি এগিয়ে যাচ্ছে। সহজ শর্তে ঋণ, প্রশিক্ষণ, উন্নত প্রযুক্তি, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

 

জাতীয় প্রাণিসম্পদ পদকপ্রাপ্তদের অভিনন্দন জানিয়ে তিনি আশা প্রকাশ করেন, খামারি, উদ্যোক্তা ও গবেষকদের প্রচেষ্টায় বাংলাদেশ অচিরেই বৈশ্বিক বাজারে একটি নির্ভরযোগ্য ব্র্যান্ডে পরিণত হবে।

 

বিশ্ববাজারে প্রবেশের জন্য খাদ্য নিরাপত্তা ও আন্তর্জাতিক মানদণ্ড কঠোরভাবে মেনে চলা জরুরি উল্লেখ করে তিনি বলেন, সরকার আন্তর্জাতিক মানের আধুনিক প্রক্রিয়াজাত কেন্দ্র ও রোগমুক্ত অঞ্চল গড়ে তুলছে, যা ভবিষ্যতে বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম প্রধান শক্তিতে পরিণত হবে।