বৃহস্পতিবার, নভেম্বর ২৬, ২০২৬
১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহীতে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

RNS News

রাজশাহী প্রতিনিধি

প্রকাশিত: ২৬ নভেম্বর, ২০২৬, ০৮:৩৯ পিএম

রাজশাহীতে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল
ছবি : নিজস্ব প্রতিনিধি

রাজশাহীতে মুখ ঢেকে ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ভোরে নগরীর ঘোষপাড়া মোড় এলাকায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের সামনে এ মিছিল অনুষ্ঠিত হয়।

 

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার ভোরে মুখে মাস্ক, মাথায় টুপি ও গলায় মাফলার জড়িয়ে একদল তরুণ ‘জয় বাংলা’ স্লোগান দিতে শুরু করেন।

 

এ সময় তাদের হাতে একটি ব্যানার দেখা যায়। ব্যানারে ক্ষমতাচূত্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য খায়রুজ্জামান লিটনের ছবি ছিল। এ ছাড়া শেখ হাসিনার দেশে ফেরার দাবিতে বিভিন্ন স্লোগান দেন তারা। পরে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন মিছিলে অংশ নেওয়া ব্যক্তিরা।

 

সূত্রের দাবি, মিছিলে অংশ নেওয়া অধিকাংশ নেতাকর্মী খায়রুজ্জামান লিটনের মেয়ে আনিকা ফারিহা অর্নার অনুসারী। মিছিলে মহানগর ছাত্রলীগের পরিবেশবিষয়ক সম্পাদক জান্নাতুল ফেরদৌস পিয়া, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের চাঁপাইনবাবগঞ্জ জেলা শখার সাহিত্য সম্পাদক ইমন, ছাত্রলীগ কর্মী রাকাইদ রুকু ও এস এম মাহি উপস্থিত ছিলেন বলেও সূত্রটি জানিয়েছে।

 

এ বিষয়ে আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির বলেন, ঘটনাটি শুনেছি। আমরা কাজ শুরু করেছি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এদিকে, নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের পরিপ্রেক্ষিতে সতর্ক অবস্থান নিয়েছে ছাত্রদল। সম্ভাব্য অনাকাঙ্ক্ষিত ঘটনা ও নাশকতা প্রতিরোধে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান নিয়েছেন সংগঠনটির নেতাকর্মীরা।

 

রাজশাহী মহানগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ তপন বলেন, আমরা রাজপথে আছি। ছাত্রলীগ ও আওয়ামী লীগকে প্রতিহত করতে ছাত্রদলই যথেষ্ট। নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশে বলতে চাই, রাজশাহী মহানগর ছাত্রদল সজাগ রয়েছে। রাজশাহীতে কোনো ধরনের বিশৃঙ্খলা করতে দেওয়া হবে না।

 

তিনি আরও বলেন, আজ যারা রামেক হাসপাতালের সামনে থেকে মিছিল করেছে, সেই সন্ত্রাসী সংগঠনের নেতাকর্মীদের উদ্দেশে বলতে চাই, পারলে দিনের আলোতে এসো। দেখা যাবে, কতক্ষণ মিছিল করতে পারো।