অর্থ ও স্বর্ণালংকার হাতিয়ে নেওয়ার উদ্দেশ্যে দুই অভিযুক্ত ওই বাড়িতে প্রবেশ করেছিলেন বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে। ছাদে লুকিয়ে অপেক্ষা করার সময় গণপতি চক্রবর্তী তাদের দেখে ফেলায় প্রথমে তাকে শ্বাসরোধে হত্যা করা হয় এবং এরপর একে একে পরিবারের অন্য তিন সদস্যকেও হত্যা করা হয়।
বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন পুলিশ কমিশনার মু. মাহবুবুর রশীদ। তিনি জানান, দীর্ঘ তদন্ত ও বিভিন্ন আলামত বিশ্লেষণের পর আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়েছে।
এই হত্যাকাণ্ডের পর পরই গ্রেপ্তার হওয়া দুই অভিযুক্ত সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাস বর্তমানে রংপুর কেন্দ্রীয় কারাগারে আটক রয়েছেন। পুলিশ কমিশনার মু. মাহবুবুর রশীদ সংবাদ সম্মেলনে বলেন, গ্রেপ্তারকৃত দুই আসামি আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে চুরি যাওয়া স্বর্ণালংকার উদ্ধার করা সম্ভব হয়েছে।
পাশাপাশি ঘটনাস্থল থেকে সংগৃহীত আলামতের ডিএনএ পরীক্ষায় দুই আসামির ডিএনএর উপস্থিতি নিশ্চিত হওয়া গেছে। তদন্তের মাধ্যমে প্রাপ্ত অন্যান্য সাক্ষ্যপ্রমাণ ও তথ্যাদির সঙ্গে আসামিদের জবানবন্দির সামঞ্জস্য রয়েছে বলে দাবি করেছে পুলিশ।
সংবাদ সম্মেলনে হত্যাকাণ্ডের প্রেক্ষাপট ও বিস্তারিত বিবরণ তুলে ধরেন গোয়েন্দা শাখার উপপুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী। তিনি জানান, পুরো ঘটনাটি চুরির উদ্দেশ্য থেকেই সংঘটিত হয়েছে।
তার ভাষ্যমতে, অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীর বাড়িতে বিপুল পরিমাণ অর্থ ও স্বর্ণালংকার মজুদ রয়েছে বলে স্থানীয় এলাকায় আলোচনা ছিল। পাশাপাশি তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী নিয়মিত স্বর্ণালংকার পরিধান করতেন। এই ধরনের তথ্য থেকেই দুই অভিযুক্ত ওই বাড়িতে চুরির ছক কষেন।
উপপুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী আরও জানান, ঘটনার প্রায় ১৫ থেকে ১৭ দিন আগেও অভিযুক্ত সিদ্ধার্থ দাস ওই বাড়িতে ঢুকেছিলেন। সে সময় পরিবারের সদস্যদের হাতে ধরা পড়লে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়।
তদন্তে আরও জানা গেছে, সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাস এর আগে পাশের তাতিপাড়া এলাকায় চুরি করতে গিয়ে ধরা পড়েছিলেন। পূর্বের এসব ঘটনার সূত্র ধরেই পুলিশ তদন্তের গতিপথ নির্ধারণ করে।
পুলিশের তদন্ত অনুযায়ী, ২১ আগস্ট রাতে চুরির উদ্দেশ্যে দুই অভিযুক্ত গণপতি চক্রবর্তীর বাড়িতে যান। তারা বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে ছাদে অবস্থান নেন এবং সেখানে অপেক্ষা করতে থাকেন। ওই সময় তারা মাদক সেবন করেন।
একপর্যায়ে ছাদের দিক থেকে শব্দ শুনে গণপতি চক্রবর্তী সেখানে যান এবং অভিযুক্তদের দেখে ফেলেন। দেখে ফেলার পর তার গলায় থাকা গামছা দিয়ে শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়। এর কিছুক্ষণ পর শব্দ শুনে ছাদে যান গণপতি চক্রবর্তীর স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী ও মেয়ে আগমী চক্রবর্তী।
পুলিশের দাবি, ছাদে আসা ওই দুজনকেও হত্যা করেন অভিযুক্তরা। এরপর বাড়ির ভেতরে গিয়ে ১২ বছর বয়সী ছেলে আয়ুশ চক্রবর্তীকে হত্যা করা হয়। তদন্তকারীদের ভাষ্যমতে, আগমীকে হত্যার সময় ধস্তাধস্তির ঘটনা ঘটে, যার ফলে পরবর্তীতে সিদ্ধার্থ দাসের শরীরে আঁচড়ের চিহ্ন পাওয়া যায়।
হত্যাকাণ্ডের পর বাড়ির বিভিন্ন কক্ষে তল্লাশি চালিয়ে কিছু স্বর্ণালংকার, ইমিটেশনের গয়না ও নগদ অর্থ নিয়ে যান অভিযুক্তরা বলে জানান উপপুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী। অভিযুক্তদের দেওয়া তথ্য অনুযায়ী, নগদ অর্থের পরিমাণ ছিল প্রায় ১৫ হাজার টাকা।
পরবর্তীতে সিদ্ধার্থ দাসের কাকা বিনয়ের বাড়ি থেকে অভিযুক্তদের দেখানো মতে স্বর্ণালংকার উদ্ধার করা হয়। তদন্তের স্বার্থে ঘটনাস্থল থেকে সংগৃহীত প্রায় ৩৫টি নমুনা ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল।
পুলিশের দাবি, খেজুর, শসা, সিগারেটের অবশিষ্টাংশ এবং বোতলের ক্যাপসহ বিভিন্ন আলামতে দুই অভিযুক্তের ডিএনএ পাওয়া গেছে। এসব নমুনায় পরিবারের ছয় সদস্য ও দুই অভিযুক্ত ছাড়া অন্য কারও ডিএনএ পাওয়া যায়নি।
তদন্তের আরেকটি দিক তুলে ধরে পুলিশ জানায়, গণপতি চক্রবর্তীর অবসরকালীন অর্থ নিয়ে এলাকায় ৫০ থেকে ৬০ লাখ টাকা পাওয়ার গুঞ্জন ছিল। তবে তদন্তে উঠে এসেছে, তিনি অবসরকালীন প্রায় ২০ লাখ টাকা পেয়েছিলেন। সেই অর্থ সোনালী ব্যাংকের দুটি হিসাবে জমা রয়েছে এবং হিসাব দুটি বর্তমানে জব্দ অবস্থায় রাখা হয়েছে।
মামলার তদন্ত শেষে আদালতে দাখিল করা অভিযোগপত্রে ৫৩ জন সাক্ষী এবং ৬৬টি আলামত অন্তর্ভুক্ত করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। অভিযোগপত্রের বিষয়ে আদালতের কোনো পর্যবেক্ষণ রয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে পুলিশ কমিশনার মু. মাহবুবুর রশীদ জানান, এখনো বিচার কার্যক্রম শুরু হয়নি।
প্রথমে অভিযোগপত্রের ওপর শুনানি অনুষ্ঠিত হবে এবং এরপর অভিযোগ গঠন করা হবে। বিচার কার্যক্রম শুরু হলে আদালতের পর্যবেক্ষণের বিষয়টি জানা যাবে বলে তিনি উল্লেখ করেন। তবে পুলিশের দেওয়া এই ব্যাখ্যা মানতে নারাজ নিহত গণপতি চক্রবর্তীর বড় ভাই এবং মামলার বাদী গোপীনাথ চক্রবর্তী।
তিনি বলেন, কেবল অর্থ চুরির জন্য চারজনকে হত্যা করা হয়েছে-এটি একটি খোঁড়া অজুহাত। এই ঘটনার পেছনে আরও শক্তিশালী কেউ জড়িত থাকতে পারে বলে তিনি সন্দেহ প্রকাশ করেন। গোপীনাথ চক্রবর্তী বলেন, শুরু থেকেই তিনি বলে আসছেন যে মাত্র দুজনের পক্ষে একই পরিবারের চারজনকে হত্যা করা সম্ভব নয়।
তারা সুষ্ঠু তদন্ত ও প্রকৃত অপরাধীদের শনাক্ত করার দাবি জানালেও তাদের কথা গুরুত্ব পায়নি বলে অভিযোগ করেন তিনি। উল্লেখ্য, গত ২২ আগস্ট রাতে রংপুর নগরীর মাছুয়াপাড়া এলাকার তালাবদ্ধ একটি বাড়ি থেকে রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী, মেয়ে ও ছেলেসহ একই পরিবারের চারজনের মরদেহ উদ্ধার করে পুলিশ।
এই ঘটনার পর একই এলাকা থেকে প্রতিবেশী মুগ্ধ দাস ও সিদ্ধার্থ দাসকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে নিহত গণপতি চক্রবর্তীর বড় ভাই গোপীনাথ চক্রবর্তী বাদী হয়ে কোতয়ালী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
অভিযুক্তরা আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে হত্যার দায় স্বীকার করেছেন। মামলাটি রংপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ তদন্ত করেছে। একই পরিবারের চার সদস্যের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় গ্রেপ্তারকৃত দুই অভিযুক্তের ডিএনএ পরীক্ষায় ঘটনাস্থলে তাদের উপস্থিতির সত্যতা পাওয়া গেছে। সংগৃহীত নমুনা পরীক্ষার মাধ্যমে তাদের শনাক্ত করা হয়।
এর আগে, হত্যাকাণ্ডের নয় দিন পর অভিযুক্ত সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাসের মাদক পরীক্ষার প্রতিবেদন সংগ্রহ করা হয়, যেখানে তাদের শরীরে মাদক সেবনের প্রমাণ মেলেনি। আলোচিত এই হত্যাকাণ্ডে মাত্র দুইজনের পক্ষে চারজনকে হত্যা করার বিষয়টি অবিশ্বাস্য দাবি করে অভিযুক্তদের পাশাপাশি অন্য জড়িতদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ সমাবেশসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছেন নিহতদের স্বজন, স্থানীয় বাসিন্দা এবং মানবাধিকার সংগঠনগুলো। তদন্ত প্রতিবেদন ও অভিযোগপত্র দাখিলের পর এই মামলার পরবর্তী আইনি প্রক্রিয়ার দিকে তাকিয়ে রয়েছেন সংশ্লিষ্ট সকলে।