আসন্ন জাতীয় নির্বাচন বানচালের যেকোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে দেশবাসী ও রাজনৈতিক দলগুলোকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের একটি অংশের মদদে কোনো গোষ্ঠী পরিকল্পিত পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছে কিনা, সেদিকে নিবিড় নজর রাখা উচিত।
আজ (শনিবার, ২০ জুলাই) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশে (কেআইবি) বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় (ভার্চুয়ালি) অংশ নিয়ে তারেক রহমান এসব কথা বলেন। জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষক-শিক্ষার্থীদের অবদান ও শহীদদের স্মরণে এই সভার আয়োজন করা হয়।
বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের নির্বাচন অনুষ্ঠানের সক্ষমতা নিয়ে যে উদ্বেগ সৃষ্টি হয়েছে, তা আর উপেক্ষা করার সুযোগ নেই। সম্প্রতি ঘটে যাওয়া কিছু নৃশংস ও অপ্রত্যাশিত ঘটনা অন্তর্বর্তী সরকারের পরিস্থিতি সামলানোর ক্ষমতা নিয়েও জনমনে গুরুতর প্রশ্ন তুলেছে।
তারেক রহমান বলেন, "যদি সামাজিক যোগাযোগ মাধ্যম এবং বিভিন্ন স্থানে মানুষের কথা শোনা যায়, তবে মনে হয় যে, অন্তর্বর্তীকালীন সরকারের একটি অংশের সহায়তায় কেউ কেউ দেশে একটি পরিকল্পিত বা ইচ্ছাকৃত পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে। এই প্রশ্ন এখন অনেক মানুষের মনে ঘুরপাক খাচ্ছে।"
তিনি আরও বলেন, "অন্তর্বর্তী সরকার কি সত্যিই নির্বাচন আয়োজনে সক্ষম, তা নিয়ে এখন বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠছে। এই উদ্বেগগুলোকে বিচ্ছিন্ন মন্তব্য হিসেবে আর উড়িয়ে দেওয়া যায় না।"
তারেক রহমান অন্তর্বর্তীকালীন সরকারকে দেশের বর্তমান পরিস্থিতি মোকাবিলায় আরও স্বচ্ছ ও সাহসী ভূমিকা পালনের আহ্বান জানান। তিনি বলেন, "বাংলাদেশের গণতন্ত্রে বিশ্বাসী জনগণ আপনাদের সমর্থন করবে। আপনার ভূমিকা যদি আরও স্বচ্ছ ও সাহসী হয় তবে গণতান্ত্রিক দলগুলো আপনাদের পাশে দাঁড়াবে।"
তিনি আসন্ন জাতীয় নির্বাচনের গুরুত্ব তুলে ধরে বলেন, "এই নির্বাচন আমাদের জাতীয় জীবনে খুবই গুরুত্বপূর্ণ... আমাদের সবাইকে দায়িত্বশীলতার সাথে কাজ করতে হবে এবং সতর্ক থাকতে হবে, যাতে আমাদের কোনো আবেগপ্রবণ বা ভুল সিদ্ধান্তের কারণে ভবিষ্যতে কোনো ধরনের চরমপন্থা বা ফ্যাসিবাদ আমাদের রাষ্ট্র বা রাজনীতিতে ফিরে না আসে।"
তারেক রহমান তার বক্তব্যে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকদের গণঅভ্যুত্থানে ভূমিকার কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন এবং বলেন, ২০২৪ সালের শহীদরা ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের শহীদদের মতোই জাতির স্মরণে থাকবেন। তিনি আরও জানান, বিএনপি কোটা সংস্কার আন্দোলনকে শুরু থেকেই সমর্থন করলেও, এটি যেন কোনো রাজনৈতিক দল-নেতৃত্বাধীন আন্দোলন হিসেবে চিহ্নিত না হয়, সে বিষয়ে কৌশলগত ভূমিকা পালন করেছে।
আলোচনা সভায় আন্দোলনের শহীদদের পরিবারের সদস্যরা তাদের কষ্ট ও স্মৃতিচারণ করেন, যা অনুষ্ঠানে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি করে।