শনিবার, জানুয়ারী ২৪, ২০২৬
১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

রাজধানী ঢাকা ফের উত্তপ্ত, দিনভর ককটেল বিস্ফোরণ ও বাসে অগ্নিসংযোগ

আর এন এস ডেস্ক

প্রকাশিত: ১১ নভেম্বর, ২০২৫, ০২:২৩ পিএম

রাজধানী ঢাকা ফের উত্তপ্ত, দিনভর ককটেল বিস্ফোরণ ও বাসে অগ্নিসংযোগ
ছবি: Collected

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ডাকা 'লকডাউন' কর্মসূচির মাঝে রাজধানী ঢাকা সোমবার দিনভর একাধিক বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনায় অস্থিতিশীল হয়ে উঠেছে। পুলিশ জানিয়েছে, নগরীর অন্তত ছয়টি পৃথক স্থানে ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে এবং তিনটি বাসে অগ্নিসংযোগ করা হয়েছে। এসব ঘটনায় নগরবাসীর মধ্যে তীব্র উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

 

সোমবার সন্ধ্যার পর থেকে উত্তেজনার পারদ বাড়তে থাকে। আগারগাঁওয়ে বাংলাদেশ বেতার ভবনের সামনে দুটি ককটেল বিস্ফোরিত হয়। শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাউল হক এই ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা বেতার ভবনের প্রধান ফটকের কাছে ককটেল ছুঁড়ে মারে, তবে এতে কেউ হতাহত হয়নি।

 

তিনি বলেন, "ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে।" এর কিছুক্ষণ পর, সন্ধ্যা আনুমানিক ৭টা ৪৫ মিনিটে, মিরপুর-১০ নম্বর সেকশনের শাহ আলী মার্কেটের সামনে আরও তিনটি বিস্ফোরণের শব্দ পাওয়া যায়।

 

এর আগে, ভোরের আলো ফোটার আগেই নাশকতামূলক কর্মকাণ্ড শুরু হয়। ভোর আনুমানিক ৩টা ৪৫ মিনিটে মিরপুরে গ্রামীণ ব্যাংক সদর দফতরের সামনে একটি হ্যান্ডবোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে সকাল ৭টা থেকে সোয়া ৭টার মধ্যে মোহাম্মদপুরের স্যার সৈয়দ রোডে ‘প্রবর্তনা’ নামক একটি ব্যবসা প্রতিষ্ঠানের সামনে এবং ধানমন্ডি ২৭ নম্বরে রাপা প্লাজার কাছে ও ধানমন্ডি ৯/এ এলাকায় ইবনে সিনা হাসপাতালের সামনেও ককটেল বিস্ফোরণ ঘটানো হয়।

 

বিস্ফোরণের পাশাপাশি অগ্নিসংযোগের ঘটনাও ঘটে। ফায়ার সার্ভিস জানিয়েছে, সারাদিনে অন্তত তিনটি বাসে আগুন দেওয়া হয়। সকালে শাহজাদপুরে 'ভিক্টর পরিবহন' এবং মেরুল বাড্ডায় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের কাছে 'আকাশ পরিবহন'-এর একটি বাসে আগুন দেওয়া হয়। সবশেষে, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে, ধানমন্ডিতে ল্যাবএইড হাসপাতালের সামনের সড়কে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বাসে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা।

 

মিরপুর মডেল থানার ওসি সাজ্জাদ রোমান শাহ আলী মার্কেটের সামনের বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, প্রতিটি ঘটনাই অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে এবং নাশকতাকারীদের ধরতে অভিযান চলছে।