বহুল আলোচিত যৌন অপরাধী জেফরি এপস্টিন মামলায় নতুন নথি প্রকাশ করেছে মার্কিন কংগ্রেসের একটি তদন্ত কমিটি। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) প্রকাশিত এই নথির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, সাবেক অ্যাটর্নি জেনারেল উইলিয়াম বারের দেওয়া সাক্ষ্যের সম্পূর্ণ ট্রান্সক্রিপ্ট।
প্রকাশিত এই সাক্ষ্য থেকে জানা যায়, তদন্ত কমিটির সদস্যরা বারকে প্রশ্ন করেছিলেন, তিনি কখনো প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে জানিয়েছিলেন কি না যে, এপস্টিনের মামলার ফাইলে ট্রাম্পের নামও রয়েছে।
জবাবে বার বলেন, "তার (ট্রাম্পের) সঙ্গে আমার এই ধরনের কোনো রাজগোভার হয়নি।"
তবে, বার জানিয়েছেন, এপস্টিনকে নিয়ে ট্রাম্পের সঙ্গে তার দুটি ভিন্ন বিষয়ে কথা হয়েছিল। প্রথমবার, এপস্টিনের আত্মহত্যার খবর পেয়ে তিনি প্রেসিডেন্টকে ফোন করে বিষয়টি জানান।
দ্বিতীয়বার, অন্য এক আলোচনায় প্রেসিডেন্ট ট্রাম্প তাকে বলেছিলেন যে, তিনি "অনেক আগেই এপস্টিনের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছেন" এবং তাকে তার মার-এ-লাগো রিসোর্ট থেকে "বের করে দিয়েছিলেন।"
উইলিয়াম বারের এই সাক্ষ্য এপস্টিন কাণ্ডে প্রেসিডেন্ট ট্রাম্পের সংশ্লিষ্টতা নিয়ে চলমান বিতর্ককে আরও ঘনীভূত করেছে। এই নথি প্রকাশকে এপস্টিন কেলেঙ্কারির সম্পূর্ণ সত্য উদঘাটনের পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।