তবে হোয়াইট হাউসের কট্টরপন্থী নীতিনির্ধারকরা ভেনেজুয়েলায় সাম্প্রতিক সফল অভিযানের পর গ্রিনল্যান্ড ইস্যুতে দ্রুত কঠোর পদক্ষেপ নেওয়ার পক্ষে অবস্থান নিয়েছেন। চলতি বছরের ৩ জানুয়ারি ভেনেজুয়েলায় পরিচালিত এক ঝটিকা মার্কিন সামরিক অভিযানে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তাঁর স্ত্রীকে আটক করা হয়। ওয়াশিংটনের নীতিনির্ধারকদের একাংশ এই ঘটনাকে বড় সাফল্য হিসেবে দেখছেন এবং এই আত্মবিশ্বাস থেকেই তাঁরা আর্কটিক অঞ্চলের কৌশলগত দ্বীপ গ্রিনল্যান্ডে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় আগ্রহী।
তাঁদের যুক্তি, রাশিয়া বা চীন সেখানে কোনো পদক্ষেপ নেওয়ার আগেই যুক্তরাষ্ট্রের উচিত দ্বীপটির নিয়ন্ত্রণ নেওয়া। ট্রাম্প প্রশাসন মনে করছে, গ্রিনল্যান্ড হাতছাড়া হলে তা যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য বড় হুমকি হয়ে দাঁড়াবে। প্রেসিডেন্ট ট্রাম্প জয়েন্ট স্পেশাল অপারেশন্স কমান্ড (JSOC)-কে এই অভিযানের খসড়া তৈরির নির্দেশ দিলেও, জয়েন্ট চিফস অফ স্টাফ বা মার্কিন সামরিক বাহিনীর শীর্ষ নেতৃত্ব এর বিরোধিতা করছেন।
তাঁদের মতে, ন্যাটোর সদস্য রাষ্ট্র ডেনমার্কের স্বায়ত্তশাসিত অঞ্চলের বিরুদ্ধে এমন আগ্রাসন শুধু আন্তর্জাতিক আইনের লঙ্ঘনই নয়, বরং কংগ্রেসের অনুমোদনবিহীন এমন পদক্ষেপ যুক্তরাষ্ট্রের সংবিধান পরিপন্থী। হোয়াইট হাউসের এক অনুষ্ঠানে ট্রাম্প স্পষ্ট ভাষায় বলেন, “গ্রিনল্যান্ড নিয়ে আমরা কিছু একটা করতে যাচ্ছি, তারা পছন্দ করুক বা না করুক। আমরা সহজ পথে সমঝোতা চাই, কিন্তু তা না হলে কঠিন পথ বেছে নিতে আমরা বাধ্য হব।”
তিনি সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্র পদক্ষেপ না নিলে চীন বা রাশিয়া সেখানে ঘাঁটি গাড়বে, যা ওয়াশিংটন কোনোভাবেই মেনে নেবে না। এদিকে, গ্রিনল্যান্ডের রাজনৈতিক দলগুলো ট্রাম্পের এই আগ্রাসী মনোভাবের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে। গত শুক্রবার দেশটির প্রধান দলগুলোর নেতারা এক যৌথ বিবৃতিতে দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা করেন, “আমরা আমেরিকান হতে চাই না, আমরা ডেনিশও হতে চাই না; আমরা শুধুই গ্রিনল্যান্ডার।”
তাঁরা নিজেদের আত্মনিয়ন্ত্রণ অধিকারের ওপর জোর দিয়ে ট্রাম্পের প্রস্তাব ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছেন। ইউরোপীয় নেতারাও এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। বিশেষত ন্যাটোর ইউরোপীয় মিত্ররা সতর্ক করে দিয়েছেন যে, মিত্র দেশের ভূখণ্ডে এমন সামরিক হস্তক্ষেপ নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন বা ন্যাটোর অস্তিত্বকে বিপন্ন করে তুলবে এবং পশ্চিমা সামরিক জোটের ভাঙন ত্বরান্বিত করতে পারে।