শনিবার, জুন ২০, ২০২৬
৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ইন্টার ডিপার্টমেন্ট বিতর্কে মুখর উত্তরা ইউনিভার্সিটি ক্যাম্পাস

উত্তরা ইউনিভার্সিটি প্রতিনিধি

প্রকাশিত: ১৯ জুন, ২০২৬, ০৯:১৪ পিএম

ইন্টার ডিপার্টমেন্ট বিতর্কে মুখর উত্তরা ইউনিভার্সিটি ক্যাম্পাস
ছবি : নিজস্ব প্রতিনিধি

নিজ নিজ বিভাগকে সেরা হিসেবে প্রতিষ্ঠিত করার প্রত্যয়ে উত্তরা ইউনিভার্সিটির ডিবেটিং ক্লাবের (ইউইউডিসি) উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে দুই দিন ব্যাপী “১ম ইন্টার ডিপার্টমেন্ট ডিবেট ফেস্টিভ্যাল”।

 

আজ বৃহস্পতিবার (১৮ জুন) উত্তরা ইউনিভার্সিটির (ইউইউ) মাল্টিপারপাস হলে আয়োজিত এ প্রতিযোগিতায় ১৪টি বিভাগ থেকে মোট ২৪টি দল অংশ নেয়। চূড়ান্ত পর্বে  বিতর্কের বিষয় ছিল “এই সংসদ বিশ্বাস করে যে বিশ্ববিদ্যালয়ের প্রধান লক্ষ্য হওয়া উচিত কর্মসংস্থান উপযোগী মানবসম্পদ তৈরি করা।”

 

এ বিষয়ে পক্ষে ও বিপক্ষে অংশগ্রহণকারী দলগুলো তথ্যনির্ভর যুক্তি, সমালোচনামূলক বিশ্লেষণ এবং সাবলীল উপস্থাপনার মাধ্যমে নিজেদের অবস্থান উপস্থাপন করে যা উপস্থিত দর্শক এবং বিচারকদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করে।

 

বাছাই ও নকআউট পর্বের ধারাবাহিক প্রতিযোগিতা শেষে ইংরেজি বিভাগ এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগ চূড়ান্ত পর্বে উত্তীর্ণ হয়। যুক্তি, তথ্য-উপাত্ত ও বিশ্লেষণভিত্তিক উপস্থাপনায় সমৃদ্ধ এক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনালে সিএসই বিভাগকে পরাজিত করে ইংরেজি বিভাগ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তরা ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের সদস্য আবিদ আজিজ। এছাড়াও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, ট্রেজারার, কন্ট্রোলার অব এক্সামিনেশনস, অফিস অব স্টুডেন্ট অ্যাফেয়ার্সের ডিরেক্টর, ডিন এবং বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ।

 

প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন তাসফিয়া আফরিন ফারিয়া। ইউইউডিসির সেক্রেটারি আসাদুজ্জামান লিংকন বলেন শিক্ষার্থীদের মধ্যে যুক্তিবোধ ও বিশ্লেষণী সক্ষমতা বিকাশের পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।


তিনি আরো বলেন এ ধরনের প্রতিযোগিতা শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বৃদ্ধি এবং চিন্তাশক্তির বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে এ আয়োজন অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। প্রতিযোগিতা শেষে বিজয়ী ও রানার-আপ দলের মধ্যে ট্রফি বিতরণ করা হয়।