সোমবার, জুন ২২, ২০২৬
৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ববি শিক্ষার্থী সুজয়ের ‎বিরুদ্ধে নারী নিপীড়নের অভিযোগ- শিক্ষার্থীদের বিক্ষোভ, শাস্তি দাবি

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

প্রকাশিত: ২২ জুন, ২০২৬, ০৪:৫৭ পিএম

ববি শিক্ষার্থী সুজয়ের ‎বিরুদ্ধে নারী নিপীড়নের অভিযোগ- শিক্ষার্থীদের বিক্ষোভ, শাস্তি দাবি
ছবি : নিজস্ব প্রতিনিধি

গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) শাখার সাবেক সভাপতি সুজয় বিশ্বাস শুভ এর বিরুদ্ধে নারী নিপীড়ন ও ভিকটিম ব্লেমিংয়ের অভিযোগের প্রতিবাদে বরিশালে শিক্ষার্থীদের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 

সমাবেশ থেকে অভিযোগের সুষ্ঠু তদন্ত এবং সুজয়ের শাস্তি দাবি করে চার দফা দাবি উত্থাপন করেছেন শিক্ষার্থীরা। ‎সোমবার (২২ জুন) দুপুরে নগরীর অশ্বিনী কুমার টাউন হল চত্বরে ‘বরিশাল বিক্ষুব্ধ শিক্ষার্থীবৃন্দ’ ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

 

কর্মসূচিতে নেতৃত্ব দেন সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের সমাজবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী হুজাইফা রহমান ও বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রশক্তির সভাপতি মো. বেলাল। শিক্ষার্থীরা চার দফা দাবি উত্থাপন করেন। দাবিগুলোর মধ্যে রয়েছে-

 

১. যৌন নিপীড়ন বিরোধী সেল কার্যকর: প্রতিটি কলেজ ও বিশ্ববিদ্যালয়ে মহামান্য হাইকোর্টের নির্দেশনানুযায়ী 'যৌন নিপীড়ন বিরোধী সেল' পূর্ণাঙ্গভাবে কার্যকর করতে হবে।

 

‎২. ভিকটিম ব্লেমিং বন্ধকরণ: ভুক্তভোগী নারীদের চরিত্রহনন, সামাজিক যোগাযোগ মাধ্যমে কুরুচিপূর্ণ মন্তব্য এবং ক্রমাগত 'ভিকটিম ব্লেমিং' অবিলম্বে বন্ধ করতে হবে।

 

‎৩. আইনি সহায়তার দায়ভার: ভুক্তভোগী নারীরা যাতে আইনি লড়াইয়ে কোনো আর্থিক বা সামাজিক প্রতিবন্ধকতার শিকার না হন, সেজন্য জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানকে মামলার যাবতীয় খরচ এবং আইনি সহায়তার দায়ভার নিতে হবে।

 

‎৪. স্বাধীন তদন্ত কমিটি গঠন ও বিশ্ববিদ্যালয়ের পদক্ষেপ: নারী অধিকার কর্মী ও বিশিষ্ট নাগরিকদের যুক্ত করে স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করে উপযুক্ত শাস্তি নিশ্চিত করতে হবে; একই সাথে বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকেও অতিসত্বর সুজয় বিশ্বাস শুভর বিষয়ে নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করে শাস্তিমূলক ব্যবস্থা নিশ্চিতে কার্যকর উদ্যোগ নিতে হবে।

 

‎সমাবেশে বক্তব্য দেন সরকারি ব্রজমোহন কলেজের শিক্ষার্থী আব্দুস সালাম, ইউনিভার্সিটি অব গ্লোবাল ভিলেজের শিক্ষার্থী সাধনা হাওলাদার, বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সেজুতিসহ অন্যান্যরা।

 

বক্তারা অভিযোগের নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়ে বলেন, নারী নিপীড়ন ও ভিকটিম ব্লেমিংয়ের মতো ঘটনায় কোনো ধরনের দায়মুক্তি দেওয়া উচিত নয়। ‎সমাবেশে বক্তারা অভিযোগ করেন, বিষয়টি নিয়ে এখনো কার্যকর তদন্ত কমিটি গঠন করা হয়নি এবং সংশ্লিষ্ট মহল দৃশ্যমান কোনো পদক্ষেপ গ্রহণ করেনি।

 

তারা এ ধরনের নিষ্ক্রিয়তার সমালোচনা করে দ্রুত ও নিরপেক্ষ তদন্তের আহ্বান জানান। ‎এ সময় বক্তারা নারী নির্যাতনের বিরুদ্ধে শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং অনলাইন বা অফলাইনে ভুক্তভোগীদের বিরুদ্ধে হয়রানি, ভয়ভীতি প্রদর্শন ও চরিত্রহননের অপচেষ্টা বন্ধের দাবি জানান।