বৃহস্পতিবার, জুন ২৫, ২০২৬
১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

‎ভুয়া পিএইচডি দাবি-ববি অর্থ দপ্তরের অতিরিক্ত পরিচালক সুব্রত কুমার বাহাদুর এর বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন

‎বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

প্রকাশিত: ২৫ জুন, ২০২৬, ০১:১৮ পিএম

‎ভুয়া পিএইচডি দাবি-ববি অর্থ দপ্তরের অতিরিক্ত পরিচালক সুব্রত কুমার বাহাদুর এর বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন
ছবি : নিজস্ব প্রতিনিধি

‎বরিশাল বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাব পরিচালকের অধীনে দায়িত্বপ্রাপ্ত সুব্রত কুমার বাহাদুর এর বিরুদ্ধে উত্থাপিত ভুয়া পিএইচডি তদন্তে পাঁচ সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

 

‎বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর থেকে জারি করা এক অফিস আদেশে জানানো হয়, সংশ্লিষ্ট কর্মচারীর বিরুদ্ধে চাকরি সংক্রান্ত আবেদন, ল্যাপটপ ও প্রিন্টিং সামগ্রী পরিচালনাসহ বিভিন্ন বিষয়ে অভিযোগ উত্থাপিত হওয়ায় বিষয়গুলো তদন্তের প্রয়োজনীয়তা দেখা দেয়।

 

এর প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাব পরিচালকের পত্রের সূত্র ধরে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ‎কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. হাফিজ আলমগীর হক।

 

সদস্য হিসেবে রয়েছেন বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাজমুল হাসান, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক ও সহকারী প্রক্টর আসিফ হাসান সৌরভ এবং অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের প্রভাষক ড. সাদি মোঃ সায়েমুল হোসেন।

 

সদস্য-সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন পরিকল্পনা ও উন্নয়ন শাখার উপ-পরিচালক মোছা. শারমিন রহমান। ‎অফিস আদেশে কমিটিকে অভিযোগ সংশ্লিষ্ট তথ্য, নথিপত্র ও সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা করে তদন্ত কার্যক্রম সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে।

 

তদন্ত শেষে একটি সুস্পষ্ট প্রতিবেদন রেজিস্ট্রার দপ্তরে জমা দিতে বলা হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগের বিষয়ে স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করতে এই কমিটি গঠন করা হয়েছে।

 

তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। ‎প্রকাশিত আদেশ অনুযায়ী, কমিটির সদস্যরা সুবিধাজনক সময়ে সভা করে তদন্ত কার্যক্রম শুরু করবেন।