শুক্রবার, সেপ্টেম্বর ১১, ২০২৬
২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

জবি ক্যারিয়ার ক্লাবের আন্তঃবিশ্ববিদ্যালয় বিজনেস কেস কম্পিটিশন শুরু, রেজিষ্ট্রেশন ২৫ সেপ্টেম্বর পর্যন্ত।

সাজ্জাতুল ইসলাম সিয়াম

প্রকাশিত: ১১ সেপ্টেম্বর, ২০২৬, ০৫:২৭ পিএম

জবি ক্যারিয়ার ক্লাবের আন্তঃবিশ্ববিদ্যালয় বিজনেস কেস কম্পিটিশন শুরু, রেজিষ্ট্রেশন ২৫ সেপ্টেম্বর পর্যন্ত।
ছবি : নিজস্ব প্রতিনিধি

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের (জেএনইউসিসি) আয়োজনে আন্তঃবিশ্ববিদ্যালয় বিজনেস কেস কম্পিটিশন ‘স্কাই বাই বিডি প্রেজেন্টস ড্যাকয়েট অব এক্সিলেন্স ৩.০’-এর রেজিষ্ট্রেশন কার্যক্রম শুরু হয়েছে।

 

জাতীয় পর্যায়ের এ প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য আগামী ২৫ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত রেজিষ্ট্রেশন করা যাবে। প্রতিযোগিতায় বিজয়ী ও ফাইনালিস্ট দলগুলোর জন্য মোট ২ লাখ ৩৫ হাজার টাকার প্রাইজপুল রাখা হয়েছে। আয়োজকরা জানান, প্রতিযোগিতাটি মোট তিনটি ধাপে অনুষ্ঠিত হবে।

 

প্রথম ধাপে কেস সলভিংয়ের মাধ্যমে বাস্তব ব্যবসায়িক সমস্যা বিশ্লেষণ করে সমাধান দিতে হবে। দ্বিতীয় ধাপে ওভিসি (অনলাইন ভিডিও বিজ্ঞাপন) তৈরি করে নির্ধারিত পণ্যের জন্য সৃজনশীল বিজ্ঞাপন নির্মাণ করতে হবে।

 

তৃতীয় ও শেষ ধাপে গ্র্যান্ড ফিনালেতে নতুন ব্যবসায়িক কেসের সমাধান তৈরি করে তা বিচারকদের সামনে উপস্থাপন করতে হবে। প্রথম ও দ্বিতীয় ধাপ অনলাইন মাধ্যমে সম্পন্ন হবে। দল গঠন ও অংশগ্রহণের যোগ্যতা সম্পর্কে আয়োজকরা জানান, প্রতিযোগিতায় অংশ নিতে ২ থেকে ৪ সদস্যের দল গঠন করতে হবে।

 

 

দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের স্নাতক পর্যায়ের শিক্ষার্থীরা এতে অংশ নিতে পারবেন। একই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি একাধিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত দলও প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পাবে।

 

প্রতিযোগিতার অনলাইন ও অফলাইন রেজিস্ট্রেশন প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভাষ্কর্য চত্বরে একটি অফলাইন রেজিস্ট্রেশন বুথ স্থাপন করা হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ২৫ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত রেজিষ্ট্রেশন সম্পন্ন করতে পারবেন। অনলাইন রেজিষ্ট্রেশনের জন্য নির্ধারিত লিংক: https://forms.gle/EYiinrXNJb9hscdK6

 

প্রতিযোগিতায় বিজয়ী দলসহ মোট দশ ফাইনালিস্ট দলের জন্য ২ লাখ ৩৫ হাজার টাকার পুরস্কার থাকছে। পুরস্কার হিসেবে চ্যাম্পিয়ন দলকে ১ লাখ, প্রথম রানারআপকে ৬০ হাজার এবং দ্বিতীয় রানারআপকে ৪০ হাজার টাকা দেওয়া হবে। এছাড়া অপর সাত ফাইনালিস্ট দল পাবে ৫ হাজার টাকা করে।

 

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের সভাপতি রাহমান তামীম বলেন, “এই প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীরা বাস্তব ব্যবসায়িক সমস্যা নিয়ে কাজ করার সুযোগ পাবে। পাশাপাশি তাদের বিশ্লেষণ, সৃজনশীলতা ও উপস্থাপনা দক্ষতা যাচাই ও বিকাশের সুযোগ তৈরি হবে।

 

দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি প্রাণবন্ত প্রতিযোগিতা আয়োজন করতে আমরা আশাবাদী।” ক্লাবের সাধারণ সম্পাদক রাব্বানি রাশহা রাতুল জানান, “প্রতিযোগিতার প্রতিটি ধাপ শিক্ষার্থীদের জন্য নতুন অভিজ্ঞতা ও চ্যালেঞ্জ নিয়ে আসবে। আমরা চাই, অংশগ্রহণকারীরা শুধু প্রতিযোগিতায় অংশ নেওয়া নয়, বরং এখান থেকে বাস্তব কিছু অভিজ্ঞতা ও প্রয়োজনীয় দক্ষতা অর্জন করুক।”