গণিতশাস্ত্রের গবেষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আনোয়ার হোসাইনের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন এবং গণিত শিক্ষা ও গবেষণায় তাঁর অবদান স্মরণীয় করে রাখার লক্ষ্যে এ সেমিনারের আয়োজন করা হয়।
সেমিনারে উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম. এম. শরীফুল করিম, উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকার, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল উদ্দিন, গণিত বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো. আব্দুল হাকিম এবং বাংলাদেশ গণিত সমিতির সহ-সভাপতি এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক ড. মাহতাব উদ্দিন আহমেদ।
শুরুতে ধর্মগ্রন্থ থেকে পাঠ ও জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করার পাশাপাশি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
সেমিনারে গণিতের বিভিন্ন গুরুত্বপূর্ণ ও সমসাময়িক বিষয়ে তিনটি মূল প্রবন্ধ উপস্থাপন করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত গণিত বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ ফেরদৌস, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের গণিত ও পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মনির উদ্দিন এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক ড. মো. আব্দুর রহমান আল মাহবুব প্রবন্ধগুলো উপস্থাপন করেন।
উপাচার্য অধ্যাপক ড. এম. এম. শরীফুল করিম বলেন, “আমাদের উদ্দেশ্য কেবল ভালো সিজিপিএ অর্জন করা হওয়া উচিত নয়; উদ্দেশ্য হওয়া উচিত নতুন কিছু শেখা এবং নতুন কিছু সৃষ্টি করা। নতুন জ্ঞান অর্জনের পর সেই জ্ঞানকে কাজে লাগাতে হবে এবং অন্যদের সাথে তা বিনিময় করতে হবে।
তবেই সমাজের জন্য কার্যকর অবদান রাখা সম্ভব হবে।” উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকার বলেন, “আমরা কৃত্রিম বুদ্ধিমত্তা বা গাণিতিক মডেলিং ব্যবহার করব ঠিকই, তবে মানুষের নিজস্ব বুদ্ধিবৃত্তিক ও গণনাগত দক্ষতায় যেন কোনো ব্যাঘাত না ঘটে।
এই সেমিনার আমাদের শিক্ষার্থী, গবেষক ও পেশাজীবীদের গাণিতিক মডেলিংয়ের উন্নয়ন এবং বাস্তব ক্ষেত্রে তা প্রয়োগ করতে বিশেষভাবে সহায়তা করবে।” গণিত সমিতির সহ-সভাপতি অধ্যাপক ড. মাহতাব উদ্দিন আহমেদ বলেন, “বাংলাদেশ গণিত সমিতি ১৯৭২ সালে যাত্রা শুরু করে।
সেই থেকে এই গণিতের কিছু বিষয় আছে-যেমন গণিতশাস্ত্রের উন্নয়ন, গণিত শিক্ষার উন্নয়ন, গণিত গবেষণার উন্নয়ন, গণিতের প্রয়োগের উন্নয়ন। এই উন্নয়ন অংশটুকু সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্যই আমাদের এই পদক্ষেপ এবং এই কর্মতৎপরতা”
সেমিনারে শিক্ষার্থীদের গণিতের নতুন জ্ঞান ও গবেষণার সঙ্গে পরিচিত করা, তাদের গবেষণায় আগ্রহী ও অনুপ্রাণিত করা এবং শিক্ষক-গবেষকদের মধ্যে একাডেমিক মতবিনিময় ও গবেষণা সহযোগিতার সুযোগ তৈরির ওপর গুরুত্বারোপ করা হয়।