সোমবার, জানুয়ারী ১৯, ২০২৬
৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

পায়রা বন্দর হবে অর্থনীতির নতুন হাব: মহাপরিকল্পনা চূড়ান্ত, আগামী বছরের জুলাইয়ে প্রথম টার্মিনাল চালুর লক্ষ্য

RNS News

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২০ জুলাই, ২০২৫, ১১:০৭ পিএম

পায়রা বন্দর হবে অর্থনীতির নতুন হাব: মহাপরিকল্পনা চূড়ান্ত, আগামী বছরের জুলাইয়ে প্রথম টার্মিনাল চালুর লক্ষ্য
ফাইল ছবি

দেশের দক্ষিণাঞ্চলে অর্থনীতির নতুন চালিকাশক্তি হিসেবে আবির্ভূত হতে যাচ্ছে পায়রা বন্দর। বন্দরটিকে কেন্দ্র করে একটি সমন্বিত ও টেকসই মহাপরিকল্পনা (মাস্টারপ্ল্যান) বাস্তবায়ন করা হচ্ছে, যা এই অঞ্চলকে একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক হাবে পরিণত করবে। গতকাল রবিবার পটুয়াখালীর কুয়াকাটায় আয়োজিত এক সেমিনারে বিশেষজ্ঞরা এই আশাবাদ ব্যক্ত করেন। একই সঙ্গে, আগামী বছরের জুলাই মাসের মধ্যে বন্দরের প্রথম টার্মিনাল চালুর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন। তিনি বলেন, "বাস্তবভিত্তিক ও টেকসই পরিকল্পনার মাধ্যমে আমাদের বন্দর ব্যবস্থাপনাকে আধুনিক করে তুলতে হবে। পায়রা বন্দরের মহাপরিকল্পনা পুরোপুরি বাস্তবায়িত হলে এটি কেবল দক্ষিণাঞ্চল নয়, পুরো দেশের অর্থনীতির চিত্র বদলে দেবে।"

 

ড. হোসেন বন্দর উন্নয়ন নিয়ে ভিত্তিহীন সমালোচনার মানসিকতার সমালোচনা করে বলেন, "বিদেশে বাংলাদেশের সম্ভাবনাময় বন্দরের প্রশংসা করা হয়। অথচ আমাদের দেশে যখনই চট্টগ্রাম বন্দরের পাশাপাশি নতুন কোনো বন্দর নির্মাণ বা অপারেটর নিয়োগের কথা বলা হয়, তখনই 'দেশ চলে গেল' বলে অপপ্রচার চালানো হয়। এটি অনেকটা 'চিলে কান নিয়ে গেছে' শুনেই দৌড়ানোর মতো ব্যাপার।" তিনি সবাইকে গুজবে কান না দিয়ে দেশের উন্নয়নে সহযোগিতার আহ্বান জানান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে পায়রা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মাসুদ ইকবাল বলেন, "আমরা একটি সুস্পষ্ট লক্ষ্য নিয়ে এগোচ্ছি। আগামী বছরের জুলাইয়ের মধ্যে বন্দরের প্রথম টার্মিনাল চালুর জন্য দিনরাত কাজ চলছে।" এই বৃহৎ কর্মযজ্ঞ বাস্তবায়নে তিনি সরকারের পাশাপাশি সংশ্লিষ্ট সকল অংশীজনের সক্রিয় সহযোগিতা কামনা করেন।

 

সেমিনারে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অধ্যাপক ড. ইশতিয়াক আহমেদ এবং নেদারল্যান্ডসের রয়্যাল হাসকোনিং ডিএইচভি'র টিম লিডার মেনো মুইজ মহাপরিকল্পনার কারিগরি ও কৌশলগত বিভিন্ন দিক তুলে ধরেন। এছাড়া বন্দরের ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা উপস্থাপন করেন পায়রা বন্দর কর্তৃপক্ষের সদস্য (প্রকৌশল ও উন্নয়ন) কমডোর মোহাম্মদ আব্দুল কাদের। অনুষ্ঠানে বিভিন্ন মন্ত্রণালয়, সামরিক ও বেসামরিক সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা, ব্যবসায়ী নেতা, বন্দর ব্যবহারকারী এবং মহাপরিকল্পনা প্রণয়নে যুক্ত বুয়েট ও রয়্যাল হাসকোনিং ডিএইচভি'র প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

 

---

বাসস