সোমবার, নভেম্বর ৩০, ২০২৬
১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপির নেতৃত্বে আর কোনো ঐক্য হবে না: নাহিদ ইসলাম

রাজশাহী প্রতিনিধি

প্রকাশিত: ২৯ নভেম্বর, ২০২৬, ১১:৫১ পিএম

বিএনপির নেতৃত্বে আর কোনো ঐক্য হবে না: নাহিদ ইসলাম
ছবি : নিজস্ব প্রতিবেদক

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অর্থ ও ভোটব্যাংক ব্যবহার করে নির্বাচনে জয়ী হওয়ার আট মাস পর বিএনপি জাতীয় ঐক্যের কথা বলছে বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় চীফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

 

তিনি দাবি করেন, আওয়ামী লীগের সঙ্গে বিএনপির কথিত গোপন সমঝোতা ভেঙে যাওয়ায় এবং বর্তমান রাজনৈতিক পরিস্থিতি সামাল দিতে না পেরেই দলটি এখন জাতীয় ঐক্যের ডাক দিচ্ছে।

 

রোববার (২৯ নভেম্বর) বিকেলে রাজশাহীতে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচার, গণভোটের রায় বাস্তবায়ন, শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় কার্যকর, জুলাই গণহত্যার বিচার ত্বরান্বিত করা এবং গঙ্গা চুক্তিতে বাংলাদেশের ন্যায্য হিস্যা আদায়ের দাবিতে এ সমাবেশের আয়োজন করা হয়।

 

নাহিদ ইসলাম বলেন, জুলাই সনদ না মানা, সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেওয়া এবং গণভোটের গণরায় বাস্তবায়ন না করার মধ্য দিয়ে বিএনপিই জাতীয় ঐক্য ভঙ্গ করেছে।

 

এর ফলে দলটির প্রতি সাধারণ মানুষের আস্থা হারিয়েছে। আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ প্রসঙ্গে তিনি বলেন, ভারতসহ বিশ্বের পাঁচটি পরাশক্তি পাশে থাকলেও বাংলাদেশে আওয়ামী লীগের আর রাজনীতি করার সুযোগ থাকবে না।

 

দেশের মাটি থেকে আওয়ামী লীগের রাজনীতি চিরতরে নির্মূল ও নিষিদ্ধ করার দাবিও জানান তিনি। গঙ্গার পানি বণ্টন চুক্তির প্রসঙ্গ তুলে এনসিপির আহ্বায়ক বলেন, আগামী ডিসেম্বরে গঙ্গা চুক্তির মেয়াদ শেষ হয়ে যাবে।

 

নতুন কোনো চুক্তি হবে কি না, তা এখনো অনিশ্চিত। ভারত এই অঞ্চলের মানুষকে মরুভূমিতে পরিণত করার ষড়যন্ত্র করছে, আর সেই ষড়যন্ত্রে যোগ দিচ্ছে এ দেশের পতিত আওয়ামী লীগ শক্তি।

 

তাই আমাদের এবারের লড়াই সীমান্ত সুরক্ষিত করার এবং নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ের লড়াই। সমাবেশে এনসিপির সিনিয়র যুগ্ম সদস্যসচিব সারজিস আলম কয়েকটি গণমাধ্যম ও বুদ্ধিজীবীর ভূমিকার সমালোচনা করেন।

 

তিনি বলেন, কয়েকটি গণমাধ্যম অবৈধ অস্ত্র রামদা ও চাইনিজ কুড়ালকে লগি-বৈঠা হিসেবে উপস্থাপন করে আওয়ামী লীগকে আবার প্রাসঙ্গিক করার চেষ্টা করছে।

 

আমরা এসব গণমাধ্যমকে চিহ্নিত করে রাখছি এবং তথ্য-প্রমাণ সংরক্ষণ করছি। তিনি আরও বলেন, স্বৈরাচারের পক্ষে অবস্থান নিয়ে তথাকথিত সিনিয়র সাংবাদিক, বুদ্ধিজীবী ও সুশীল সমাজের প্রতিনিধি পরিচয়ে যারা জনমত তৈরির চেষ্টা করবেন এবং ভারত ও আওয়ামী লীগের পক্ষাবলম্বন করবেন, তাদের এ দেশ থেকে প্রতিহত ও উচ্ছেদ করা হবে।

 

এর আগে, সমাবেশ শুরুর আগে নগরীর আলুপট্টি মোড়ে এনসিপির নেতাকর্মীরা জড়ো হন। পরে সেখান থেকে একটি মিছিল নিয়ে সমাবেশস্থলে এসে তারা মূল কর্মসূচিতে যোগ দেন।