শনিবার, জানুয়ারী ২৪, ২০২৬
১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

এবার ইডি-র নজরে উর্বশী রাউতেলা ও মিমি চক্রবর্তী, পাঠানো হলো সমন!

আর এন এস ডেস্ক

প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর, ২০২৫, ০৩:৩০ পিএম

এবার ইডি-র নজরে উর্বশী রাউতেলা ও মিমি চক্রবর্তী, পাঠানো হলো সমন!
ছবি: সংগৃহীত

অনলাইনে অবৈধ বেটিং অ্যাপের প্রচার এবং এর মাধ্যমে অর্থ পাচারের মামলায় এবার নাম জড়ালো বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলা এবং টলিউডের সাংসদ-অভিনেত্রী মিমি চক্রবর্তীর। ভারতের অর্থনৈতিক গোয়েন্দা সংস্থা, এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি), এই দুই তারকাকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে।

 

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, মিমি চক্রবর্তীকে আগামী ১৫ সেপ্টেম্বর এবং উর্বশী রাউতেলাকে ১৬ সেপ্টেম্বর দিল্লির ইডি-র সদর দপ্তরে হাজিরা দেওয়ার জন্য নোটিশ পাঠানো হয়েছে।

ইডি জানিয়েছে, একটি অবৈধ বেটিং অ্যাপের মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ পাচারের সন্দেহে তারা তদন্ত চালাচ্ছে। এই অ্যাপের প্রচারের সঙ্গে যুক্ত থাকার কারণে এবং সম্ভাব্য আর্থিক লেনদেনের বিষয়ে তথ্য জানতেই এই দুই অভিনেত্রীকে তলব করা হয়েছে।

 

এই মামলায় শুধু উর্বশী বা মিমিই নন, আরও একাধিক তারকার নাম জড়িয়েছে। এর আগে, একই মামলায় টলিউড অভিনেতা অঙ্কুশ হাজরাকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এমনকি ভারতীয় ক্রিকেট দলের সাবেক তারকা সুরেশ রায়না ও শিখর ধাওয়ানের নামও এই তদন্তে উঠে এসেছে বলে জানা গেছে।

অবৈধ বেটিং অ্যাপের প্রচারের মাধ্যমে অর্থ পাচারের এই মামলায় একের পর এক সেলিব্রিটিদের নাম জড়ানোয় বলিউড ও টলিউড—উভয় জগতেই তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে।