সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীসেবার মান বাড়াতে বিনামূল্যে ওয়াই-ফাই এবং টেলিফোন সেবা চালু করা হয়েছে। বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেড (বিটিসিএল) এই সেবাটি চালু করেছে।
শনিবার (৬ সেপ্টেম্বর) প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়) ফয়েজ আহমদ তৈয়ব আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের উদ্বোধন করেন। অনুষ্ঠানে সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলমও উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে ফয়েজ আহমদ তৈয়ব বলেন, এই নতুন সেবার ফলে ওসমানী বিমানবন্দর ব্যবহারকারী দেশি-বিদেশি সব যাত্রীর যোগাযোগ ব্যবস্থা আরও সহজ ও উন্নত হবে।
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় জানিয়েছে, খুব শীঘ্রই এই বিনামূল্যে ওয়াই-ফাই পরিষেবা পুরো বিমানবন্দর এলাকা জুড়ে সম্প্রসারণ করা হবে।