শনিবার, জানুয়ারী ২৪, ২০২৬
১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

চাকসু নির্বাচনে নতুন ৪ সম্পাদকীয় পদ, বাতিল হলো সহকারী সম্পাদকের পদ!

আর এন এস ডেস্ক

প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর, ২০২৫, ১১:১৪ এএম

চাকসু নির্বাচনে নতুন ৪ সম্পাদকীয় পদ, বাতিল হলো সহকারী সম্পাদকের পদ!
ছবি: সংগৃহীত

দীর্ঘ ৩৪ বছর পর অনুষ্ঠিত হতে যাওয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনের আগে এর গঠনতন্ত্রে বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে। শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে, চারটি নতুন সম্পাদকীয় পদ সৃষ্টি করা হয়েছে এবং কেন্দ্রীয় ও হল সংসদ থেকে সহকারী সম্পাদকের পদগুলো বিলুপ্ত করা হয়েছে।

শনিবার (১৩ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন চাকসু গঠনতন্ত্র সংশোধন কমিটির প্রধান ও বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক কামাল উদ্দিন।

 

তিনি জানান, নতুন যুক্ত হওয়া পদগুলো হলো—আইন ও মানবাধিকার সম্পাদক, লাইব্রেরি ও ক্যাফেটেরিয়া সম্পাদক, মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক এবং ক্যারিয়ার উন্নয়ন ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক।

এই নতুন পদগুলো যোগ হলেও, কেন্দ্রীয় সংসদ থেকে চারটি সহকারী সম্পাদকের পদ বিলুপ্ত করায় মোট পদের সংখ্যা আগের মতোই ২৮টি থাকছে।

 

বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট ইতিমধ্যে এই সংশোধিত গঠনতন্ত্র অনুমোদন করেছে এবং উপাচার্যের চূড়ান্ত অনুমোদনের পর তা ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

উল্লেখ্য, চাকসু নির্বাচনের জন্য খসড়া ভোটার তালিকা ইতিমধ্যে প্রকাশিত হয়েছে, যেখানে ২৫,৮৬৬ জন ভোটার রয়েছেন। ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১২ অক্টোবর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

১৯৯০ সালের পর এই প্রথম চাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, যাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।