রবিবার, ডিসেম্বর ৭, ২০২৫
২২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

আজ এনসিপি ও জামায়াতের সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা ইউনূস

RNS News

আর এন এস ডেস্ক

প্রকাশিত: ২২ অক্টোবর, ২০২৫, ০৬:৪০ এএম

আজ এনসিপি ও জামায়াতের সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা ইউনূস
ছবি: সংগৃহীত

দেশের চলমান রাজনৈতিক সংলাপের অংশ হিসেবে আজ বুধবার (২২ অক্টোবর) জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং বাংলাদেশ জামায়াত-ই-ইসলামীর প্রতিনিধিদলের সঙ্গে পৃথক বৈঠকে বসবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক দুটি অনুষ্ঠিত হবে।

 

প্রধান উপদেষ্টার জ্যেষ্ঠ সহকারী প্রেস সচিব ফয়েজ আহাম্মদ বাংলাদেশ সংবাদ সংস্থাকে (বাসস) বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আজ বিকেলে সোয়া ৫টায় এনসিপি প্রতিনিধিদলের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক শুরু হবে। এর পরপরই সন্ধ্যা ৬টায় একই স্থানে জামায়াত-ই-ইসলামীর প্রতিনিধিদল প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনায় মিলিত হবে। উল্লখ্য, গতকাল মঙ্গলবার সন্ধ্যায়ও প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) তিন সদস্যের একটি প্রতিনিধিদলের সঙ্গে আলোচনা করেন।

 

বিএনপি প্রতিনিধিদলের সঙ্গে এই বৈঠকে আগামী বছরের ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে অন্তর্বর্তী সরকারের প্রস্তুতি এবং অন্যান্য প্রাসঙ্গিক বিষয় নিয়ে আলোচনা হয়। জানা গেছে, বিএনপি নেতারা নির্বাচনের আগে নিরপেক্ষ প্রশাসন নিশ্চিত করা, বিতর্কিত কর্মকর্তাদের বাদ দেওয়া এবং প্রশাসনিক রদবদলে নিরপেক্ষতা বজায় রাখার বিষয়ে জোর দেন। জবাবে প্রধান উপদেষ্টা নির্বাচন শান্তিপূর্ণ ও নিরপেক্ষ করার জন্য যা কিছু প্রয়োজন, তা করার আশ্বাস দেন।

 

রাজনৈতিক দলগুলোর সঙ্গে এই ধারাবাহিক বৈঠকগুলো দেশে একটি শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে প্রধান উপদেষ্টার উদ্যোগের অংশ। গত কয়েক মাস ধরে প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস দেশের শীর্ষ রাজনৈতিক দল, ছাত্রনেতা এবং অন্যান্য অংশীজনের সঙ্গে জাতীয় ঐক্য প্রতিষ্ঠা ও নির্বাচনকালীন প্রস্তুতি নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছেন। এই সংলাপের মাধ্যমে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, আসন্ন নির্বাচন এবং বিভিন্ন জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে দলগুলোর মতামত ও সুপারিশ গ্রহণ করা হচ্ছে।