পুলিশ সূত্রে জানা গেছে, আজ রবিবার (২৬ অক্টোবর, ২০২৫) দুপুর আনুমানিক ১২:৩০ মিনিটের দিকে আবুল কালাম আজাদ ফার্মগেট মেট্রো রেল লাইনের নিচের ফুটপাত ধরে হেঁটে যাচ্ছিলেন। ঠিক সেই সময় মেট্রো রেলের উড়ালপথ (ভায়াডাক্ট) থেকে একটি ভারী বিয়ারিং প্যাড ছিটকে এসে সরাসরি তাঁর মাথায় আঘাত করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, উপর থেকে ভারী বস্তুটি আকস্মিকভাবে নিচে পড়ায় আবুল কালাম আজাদ মাথায় গুরুতর আঘাত পান এবং ঘটনাস্থলেই তাঁর রক্তক্ষরণ শুরু হয়। স্থানীয়রা দ্রুত তাঁকে নিকটস্থ একটি হাসপাতালে নিয়ে যান। কিন্তু কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। তেজগাঁও থানা পুলিশ আইনি প্রক্রিয়া শুরু করেছে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) এই দুর্ঘটনার পর তাৎক্ষণিক ব্যবস্থা হিসেবে দুপুর ১২:৩০ মিনিট থেকে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রো রেলের সম্পূর্ণ পরিষেবা বন্ধ ঘোষণা করেছে।
কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, এই গুরুত্বপূর্ণ নিরাপত্তা ত্রুটি খতিয়ে দেখতে এবং লাইনের সার্বিক সুরক্ষা নিশ্চিত করতে তদন্ত ও মেরামত কার্যক্রম চলমান রয়েছে। তবে, কখন নাগাদ ট্রেন চলাচল পুনরায় স্বাভাবিক হবে, সে বিষয়ে ডিএমটিসিএল-এর পক্ষ থেকে এখনও নির্দিষ্ট করে কিছু জানানো হয়নি।
এই বিয়াবিং প্যাডগুলি সাধারণত রাবারের তৈরি বিশেষ কম্পোনেন্ট, যা পিলারের উপরে বসানো হয়। এটি ট্রেনের ওজনের চাপ সহ্য করে কম্পন কমাতে সাহায্য করে। এই ধরনের একটি গুরুত্বপূর্ণ অংশ খুলে নিচে পড়ে যাওয়ার ঘটনায় মেট্রো রেলের নির্মাণ কাঠামো ও রক্ষণাবেক্ষণের মান নিয়ে সাধারণ জনগণের মধ্যে নতুন করে তীব্র উদ্বেগ ও প্রশ্ন দেখা দিয়েছে।