রাজধানীর উত্তরায় গত সোমবার বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে ৩১ জনের প্রাণহানি এবং অসংখ্য মানুষের আহত হওয়ার ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন জাপানের পররাষ্ট্রমন্ত্রী ইওয়াইয়া তাকেশি।
আজ মঙ্গলবার বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেনকে পাঠানো এক শোক বার্তায় জাপানি মন্ত্রী জাপান সরকার ও জনগণের পক্ষে এই সমবেদনা জানান।
শোকবার্তায় উল্লেখ করা হয়েছে, "ঢাকার উত্তরা এলাকায় বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান দুর্ঘটনায় অনেক মূল্যবান প্রাণের হানিতে আমি গভীরভাবে মর্মাহত।" তিনি আরও যোগ করেন, "যারা প্রাণ হারিয়েছেন এবং তাদের শোকাহত পরিবারের প্রতি আমরা আন্তরিক সমবেদনা জানাচ্ছি। আমি আহতদের দ্রুত আরোগ্যও কামনা করি।"
গত সোমবার (২১ জুলাই) প্রশিক্ষণ চলাকালীন এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে, যা সারা বাংলাদেশে ব্যাপক শোক ও আলোড়ন সৃষ্টি করেছে। এই কঠিন সময়ে জাপান, চীন, ভারত এবং পাকিস্তান সহ বেশ কয়েকটি দেশ বাংলাদেশের প্রতি সংহতি প্রকাশ করেছে।