শনিবার, জানুয়ারী ২৪, ২০২৬
১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে বিদ্ধ শিশু চট্টগ্রাম মেডিকেলের আইসিইউতে, অবস্থা সংকটাপন্ন

আর এন এস ডেস্ক

প্রকাশিত: ১১ জানুয়ারী, ২০২৬, ০৬:৫৫ পিএম

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে বিদ্ধ শিশু চট্টগ্রাম মেডিকেলের আইসিইউতে, অবস্থা সংকটাপন্ন
ছবি: সংগৃহীত

কক্সবাজারের টেকনাফ সীমান্তে মিয়ানমার থেকে আসা গুলিতে গুরুতর আহত শিশু হুজাইফা আফনানকে (১২) উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। রবিবার (১১ জানুয়ারি) বিকেলে তাকে হাসপাতালে আনার পর চিকিৎসকরা দ্রুত নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করেন। শিশুটির অবস্থা বর্তমানে অত্যন্ত সংকটাপন্ন বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ।

 

চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, রবিবার বিকেল সাড়ে ৪টার দিকে শিশুটিকে গুরুতর আহত অবস্থায় এখানে আনা হয়। তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাৎক্ষণিকভাবে তাকে আইসিইউতে ভর্তি করা হয়েছে এবং প্রয়োজনীয় চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে।

 

পারিবারিক সূত্রে জানা যায়, রবিবার সকাল ১০টার দিকে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের তেচ্ছাব্রিজ এলাকায় নিজ বাড়ির অদূরেই অবস্থান করছিল হুজাইফা। এ সময় মিয়ানমারের অভ্যন্তরে দেশটির দুটি বিদ্রোহী গোষ্ঠীর মধ্যে চলমান সংঘাতের জেরে ছোড়া একটি গুলি এসে তার শরীরে বিদ্ধ হয়। শিশুটির চাচা শওকত আলী জানান, ঘটনার পরপরই তাকে উদ্ধার করে প্রথমে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়।

 

সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে দ্রুত চট্টগ্রাম মেডিকেলে স্থানান্তরের পরামর্শ দেন। গুরুতর আহত হুজাইফা আফনান (ডাকনাম পুতুনি) হোয়াইক্যং ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মোহাম্মদ জসিমের মেয়ে। সে স্থানীয় লম্বাবিল হাজি মোহাম্মদ হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। সীমান্ত এলাকায় ফের এমন গোলাগুলির ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।