রবিবার, জুন ১৪, ২০২৬
৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

৮০ বছরে পদার্পণ করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

আর এন এস আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৪ জুন, ২০২৬, ০১:৫২ পিএম

৮০ বছরে পদার্পণ করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
ছবি : File Photo

যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ রোববার (১৪ জুন) ৮০ বছর বয়সে পদার্পণ করলেন। বর্ণাঢ্য কর্মজীবন ও নানা উত্থান-পতনের মধ্য দিয়ে যাওয়া মার্কিন এই নেতার জন্মদিন উপলক্ষে হোয়াইট হাউসের পক্ষ থেকে এক ব্যতিক্রমী আয়োজনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

 

জানা গেছে, বিশেষ এই দিনটি উদযাপনের অংশ হিসেবে হোয়াইট হাউসের দক্ষিণ লনে একটি অস্থায়ী বক্সিং রিং এবং গ্যালারি নির্মাণ করা হয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প আজ সেখানেই সরাসরি বক্সিং ম্যাচ উপভোগ করে তার জন্মদিন অতিবাহিত করবেন।

 

১৯৪৬ সালের ১৪ জুন নিউইয়র্কের কুইন্সে এক ধনাঢ্য পরিবারে ডোনাল্ড ট্রাম্পের জন্ম। তার বাবা ফ্রেড ট্রাম্প ছিলেন একজন প্রভাবশালী রিয়েল এস্টেট ব্যবসায়ী এবং মা মেরি অ্যান ম্যাকলিওড। পাঁচ ভাইবোনের মধ্যে চতুর্থ ট্রাম্প শৈশব কাটিয়েছেন কুইন্সের জ্যামাইকা এস্টেটসে।

 

ছোটবেলা থেকেই তার চঞ্চল ও তেজস্বী স্বভাবের কারণে শৃঙ্খলা বজায় রাখতে ১৩ বছর বয়সে তাকে নিউইয়র্ক মিলিটারি একাডেমিতে পাঠানো হয়েছিল। পরবর্তীতে তিনি পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়ের বিখ্যাত হোয়ার্টন স্কুল থেকে অর্থনীতিতে স্নাতক ডিগ্রি অর্জন করেন।

 

শিক্ষাজীবন শেষে ট্রাম্প বাবার আবাসন ব্যবসায় যুক্ত হন এবং ১৯৭১ সালে কোম্পানির দায়িত্ব গ্রহণ করেন। তিনি প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করে ‘দ্য ট্রাম্প অর্গানাইজেশন’ রাখেন।

 

ম্যানহাটনে আকাশচুম্বী ট্রাম্প টাওয়ার নির্মাণ, বিলাসবহুল হোটেল, ক্যাসিনো এবং গলফ কোর্স তৈরির মাধ্যমে তিনি বৈশ্বিক রিয়েল এস্টেট খাতে নিজের আধিপত্য প্রতিষ্ঠা করেন। ব্যবসা জগতে সাফল্যের পাশাপাশি টেলিভিশন রিয়েলিটি শো ‘দ্য অ্যাপ্রেন্টিস’-এর উপস্থাপক হিসেবে তিনি বিশ্বজুড়ে পরিচিতি পান।

 

ব্যবসায়িক জগতের বিশাল সাফল্যকে পেছনে ফেলে ২০১৫ সালে ট্রাম্প আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে নাম লেখান। ‘মেক আমেরিকা গ্রেট এগেইন’-এই শক্তিশালী স্লোগানকে কেন্দ্র করে তিনি ২০১৬ সালের নির্বাচনে ডেমোক্রেটিক প্রার্থী হিলারি ক্লিনটনকে পরাজিত করে যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট নির্বাচিত হন।

 

এরপর ২০২৪ সালের নির্বাচনেও তিনি পুনরায় জয়লাভ করে দ্বিতীয়বারের মতো দেশটির প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করেন। বৈচিত্র্যময় জীবনের অধিকারী ডোনাল্ড ট্রাম্প তার দীর্ঘ রাজনৈতিক ও ব্যবসায়িক যাত্রায় বরাবরই আলোচনার কেন্দ্রে থেকেছেন। জীবনের আট দশকের মাইলফলক স্পর্শ করা এই দিনে বিশ্বনেতারা তাকে শুভেচ্ছায় সিক্ত করছেন।

 

- এপি