ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, "আমি মনে করি তার (মামদানির) আমার প্রতি ভদ্র থাকা উচিত। কারণ দিনশেষে তারই অনেক বিষয় অনুমোদনের জন্য আমার কাছে আসতে হবে, তাই সে শুরুতেই খারাপভাবে যাত্রা করেছে।" ট্রাম্প আরও বলেন, মামদানির জয়ের রাতের ভাষণটি ছিল "অত্যন্ত ক্রুদ্ধ" এবং বিশেষত তার (ট্রাম্পের) প্রতি বিদ্বেষমূলক।
নির্বাচনে জয়ের পর তার ভাষণে, জোহরান মামদানি সরাসরি প্রেসিডেন্ট ট্রাম্পকে উদ্দেশ্য করে বলেছিলেন, "প্রেসিডেন্ট ট্রাম্প, আমার কথা শুনুন: আমাদের কারও কাছে পৌঁছাতে হলে, আপনাকে আমাদের সকলের বাধা অতিক্রম করতে হবে।" ট্রাম্প এই বক্তব্যকে উল্লেখ করে সাক্ষাৎকারে বলেন, "আমি মনে করি এটি তার (মামদানির) জন্য একটি খুব বিপজ্জনক বিবৃতি।"
প্রেসিডেন্ট ট্রাম্প তার বক্তব্যে আরও স্পষ্ট করেন যে, সফলতা পেতে হলে মামদানিকে অবশ্যই ওয়াশিংটনের (কেন্দ্রীয় সরকারের) প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। তিনি বলেন, "যদি সে তা না হয়, তবে তার সফল হওয়ার কোনো সুযোগ নেই। আর আমি তাকে সফল দেখতে চাই, (বাস্তবে) আমি শহরটিকে সফল দেখতে চাই। আমি তাকে সফল করতে চাই না। আমি শহরটিকে সফল দেখতে চাই, এবং আমরা দেখব কী ঘটে।"
নির্বাচনের ফলাফল প্রসঙ্গে ট্রাম্প উল্লেখ করেন যে, তিনি "তিনটি বেশ গণতান্ত্রিক রাজ্যের" ভোট গভীরভাবে পর্যবেক্ষণ করেছেন। তিনি নিউইয়র্কের প্রতি তার ভালোবাসার কথা উল্লেখ করে বলেন, "আমি নতুন মেয়রকে ভালো করতে দেখতে চাই, কারণ আমি নিউইয়র্ককে ভালোবাসি। আমি সত্যিই নিউইয়র্ককে ভালোবাসি।"
উল্লেখ্য, ৩৪ বছর বয়সী জোহরান মামদানি মঙ্গলবার অনুষ্ঠিত নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী ও সাবেক গভর্নর অ্যান্ড্রু কুওমো এবং রিপাবলিকান কার্টিস স্লিওয়াকে পরাজিত করেন। এর মাধ্যমে তিনি দেশটির বৃহত্তম শহরের প্রথম মুসলিম এবং দক্ষিণ এশীয় বংশোদ্ভূত মেয়র নির্বাচিত হলেন।
মামদানি নিজেকে একজন 'গণতান্ত্রিক সমাজতন্ত্রী' হিসেবে বর্ণনা করেন এবং তার প্রচারণার মূলে ছিল সাশ্রয়ী জীবনযাত্রা ও সামাজিক সেবা নিশ্চিত করা, যার মধ্যে রয়েছে বিনামূল্যে বাস পরিষেবা, সর্বজনীন শিশু যত্ন, ভাড়া স্থিতিশীল রাখা এবং ন্যূনতম মজুরি বৃদ্ধি।