সিডনিতে 'ইন্দো-প্যাসিফিক ইন্টারন্যাশনাল মেরিটাইম এক্সপোজিশন' বা সামুদ্রিক ও নৌ প্রতিরক্ষা বিষয়ক এই প্রদর্শনীটি মঙ্গলবার শুরু হয়েছে। এতে অস্ট্রেলিয়া ও বিশ্বের বিভিন্ন দেশের নৌবাহিনী, প্রতিরক্ষা শিল্প, সরকারি সংস্থা এবং প্রযুক্তি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিক্ষোভকারীরা ফিলিস্তিনের পতাকা নেড়ে স্লোগান দিতে শুরু করলে দাঙ্গা পুলিশ, ডগ স্কোয়াড এবং অশ্বারোহী ইউনিটের সদস্যরা তাদের বাধা দেয়। এক পর্যায়ে পুলিশ ভিড় ছত্রভঙ্গ করতে একাধিকবার পেপার স্প্রে ব্যবহার করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। একই স্থানে অকাস (AUKUS) বিরোধী বিক্ষোভকারীদেরও একটি পৃথক সমাবেশ করার কথা ছিল।
'প্যালেস্টাইন অ্যাকশন গ্রুপ' জানিয়েছে, এই প্রদর্শনীতে ইসরায়েলি প্রতিরক্ষা ঠিকাদার প্রতিষ্ঠান 'রাফায়েল অ্যাডভান্সড ডিফেন্স সিস্টেমস' এবং 'এলবিট সিস্টেমস'-এর অস্ট্রেলিয়ান সহযোগী প্রতিষ্ঠানের অংশগ্রহণের প্রতিবাদে তারা এই সমাবেশের আয়োজন করে।
পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, সকাল সাড়ে ৬টার দিকে একদল বিক্ষোভকারী নির্ধারিত স্থান ত্যাগ করে পুলিশের নির্দেশনা অমান্য করে একটি সীমাবদ্ধ এলাকায় প্রবেশের চেষ্টা করে। এর প্রায় দুই ঘণ্টা পর, নির্ধারিত এলাকার বিক্ষোভকারীরা পুলিশের দিকে তেড়ে আসে এবং "পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা করে।" আটককৃতদের মধ্যে আটজনকে নিকটবর্তী পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হয়েছে এবং দুজনকে কোনো অভিযোগ ছাড়াই মুক্তি দেওয়া হয়েছে।
সিডনি সিটি পুলিশের সুপারিনটেনডেন্ট পল ডুনস্টান বলেন, বিশৃঙ্খলার সময় বিক্ষোভকারীরা কর্মকর্তাদের ওপর চড়ে বসে এবং তাদের ওপর রং ছুড়ে মারে। এই সংঘর্ষে দুজন পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন, যার মধ্যে একজনের নাকে জখম হয়েছে। তিনি বলেন, "ওই দলটি পুলিশের প্রতি চিৎকার ও হুমকি অব্যাহত রাখে এবং এক পর্যায়ে এক বালতি রং পুলিশের ওপর ছুড়ে মারে।"
সুপারিনটেনডেন্ট ডুনস্টান এই ঘটনাকে "হতাশাজনক" বলে অভিহিত করে বলেন, এর ফলে পুলিশ এবং প্যালেস্টাইন অ্যাকশন গ্রুপের মধ্যেকার "সদিচ্ছা" ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি উল্লেখ করেন, "আমরা গত দুই বছর ধরে প্যালেস্টাইন অ্যাকশন গ্রুপের সাথে কাজ করে আসছি এবং একটি ভালো সম্পর্ক বজায় রেখেছিলাম। আজ যা ঘটল তা সম্পূর্ণই অপ্রত্যাশিত।"
তবে, প্যালেস্টাইন অ্যাকশন গ্রুপের সংগঠক জশ লিস এই অভিযোগ অস্বীকার করেছেন। তিনি দাবি করেন, তারা একটি "শান্তিপূর্ণ প্রতিবাদ" করার চেষ্টা করছিলেন। তিনি বলেন, "আমরা শান্তিপূর্ণ বিক্ষোভকারীরা শুধু বলতে চেয়েছিলাম যে এই ধরনের ঘৃণ্য আয়োজন আমাদের শহরে হতে পারে না। কিন্তু প্রিমিয়ার (ক্রিস মিনস) শত শত পুলিশ পাঠিয়ে আমাদের ওপর আক্রমণ করিয়েছেন।"
এই বিক্ষোভের মধ্যেই এনএসডব্লিউ'র প্রিমিয়ার ক্রিস মিনস এই শিল্পকে রাজ্যের অর্থনীতির জন্য অপরিহার্য বলে আখ্যায়িত করেছেন। তিনি এবিসি রেডিও সিডনিকে বলেন, গত বছর এই শিল্পের মূল্য ছিল ৩.৪ বিলিয়ন ডলার। তিনি বলেন, "তারা পারমাণবিক অস্ত্র বিক্রি করছে না, আমরা এই শিল্পের বিকাশ দেখতে চাই।" এনএসডব্লিউ সরকার এবং ইনভেস্টমেন্ট এনএসডব্লিউ এই তিন দিনব্যাপী প্রদর্শনীর অন্যতম পৃষ্ঠপোষক।