শনিবার, জানুয়ারী ২৪, ২০২৬
১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বাংলাদেশ যেন হয়ে উঠেছে এক অফুরন্ত ব্যবসার মাঠ

RNS News

RNS News

প্রকাশিত: ০৪ জুলাই, ২০২৫, ০৯:০৭ এএম

বাংলাদেশ যেন হয়ে উঠেছে এক অফুরন্ত ব্যবসার মাঠ

বাংলাদেশ যেন হয়ে উঠেছে এক অফুরন্ত ব্যবসার মাঠ—এক সময় মুক্তিযুদ্ধ নিয়ে শেখ মুজিবের ব্যবসা, তারপর শেখ হাসিনার ১৫ বছরের দম্ভজড়িত ইতিহাস বিক্রি। “আমার বাবা এটা করেছেন, সেটা করেছেন”—এই বুলি শুনতে শুনতে পুরো একটি প্রজন্ম বেড়ে উঠল। শেখ হাসিনাও যেন এমন এক জাদুকর, যিনি দেশের প্রতিটি উন্নয়নে নিজেকে জড়িয়ে দিয়েছিলেন, এমনভাবে যেন অন্য কেউ কিছুই করেনি। মেট্রোরেল থেকে শুরু করে পদ্মাসেতু, এমনকি স্যুটকেসে থাকা চালের বস্তাও যেন হাসিনার দানে এসেছে! সব কিছুতে ছিল এক পরিবারের ছাপ।

ঠিক ২০২৫ সালেও সেই পুরোনো বাণিজ্যের ছায়া ঘুরেফিরে হাজির। এবার কেন্দ্রবিন্দু জুলাই! যে জুলাইয়ে শহীদ হয়েছে হাজারেরও বেশি মানুষ, আহত হয়েছে বিশ হাজারের বেশি, সেই রক্তঝরা আন্দোলনকেই আজ বানানো হচ্ছে ব্যবসার পণ্য। কেউ বলছে, “আমি জুলাই করেছি”, কেউ বলছে, “তুমি জুলাই করেছো”—চারদিকে শুধু কৃতিত্ব নিয়ে ভাগাভাগি, যেন আন্দোলনটা কে কতটা করেছে তার বাজারে দর হাঁকা হচ্ছে! “আমি সমন্বয়ক, তুমি সমননায়ক”—এই নাটক যেন এক পুরনো দৃশ্যের নতুন মঞ্চায়ন।

মানুষ ভেবেছিল, শেখ হাসিনা গেলে বাংলাদেশ বদলাবে। কিন্তু না—হাসিনা নেই, হাসিনাতন্ত্র রয়ে গেছে। ক্ষমতা বদলেছে, কিন্তু চরিত্র বদলায়নি। নতুন সরকার গঠনের আগেই শুরু হয়েছে আবার টেন্ডার বাণিজ্য, নিয়োগ বাণিজ্য, চাঁদাবাজির ফি-তালিকা। যারা নিজেরাই বলতো, ‘সিস্টেম বদলাতে হবে’, তারাই এখন পুরনো সিস্টেমের নতুন পরিচালক। ফেসবুক লাইভে, বক্তৃতায়, ভিডিও ক্লিপে উঠে আসছে কার কত বড় ভূমিকা ছিল—কিন্তু সেই ছাত্র, শ্রমিক, চাকরিজীবী, রিকশাচালক, লেখক, কবি, একটিভিস্ট—তারা নেই কোথাও!

আজ প্রশ্ন একটাই—এই আন্দোলনটা কার? তাদের যারা মিডিয়ায় মুখ দেখিয়েছে, না তাদের যারা জান দিয়ে মাঠে ছিল? কেউ কেউ নিজেদের নিয়ে এমন গল্প বলছে, যেন ‘জুলাই’ শব্দটা তাদের নামে পেটেন্ট করা! যেন এই রক্তমাখা মাসটিও একটা রাজনৈতিক কোম্পানির প্রোডাক্ট!

বাস্তবতা হলো, শেখ হাসিনা যখন বিদায় নিলেন, তখন লাখো জনতা রাস্তায় নেমেছিল। তারা কিছু চায়নি—শুধু চেয়েছিল একটা নতুন বাংলাদেশ, যেখানে থাকবে না দুর্নীতি, থাকবে না ঘুষ, থাকবে না ক্ষমতার অপব্যবহার। কিন্তু আজ যদি রাস্তায় ১০ জন মানুষকে প্রশ্ন করেন—পরিবর্তন কী? সবাই বলবে, আগেও যেমন ছিল, এখনো তেমনই। শুধু মানুষ বদলেছে, মেজাজ বদলায়নি।

পরিবর্তন এসেছে ঠিকই, কিন্তু তা সাধারণ মানুষের জন্য নয়। মানুষের স্বপ্ন ভেঙেছে, ভেঙেছে বিশ্বাস। এখন বাঙালি জাতি আর একটাই কামনা করে—যেন আর না ফেরে কোনো হাসিনার ছায়া, আর যেন যারা আসবে, তারা অন্তত সাধারণ মানুষের কথাটা ভাবে। কারণ এই দেশের মালিক দল নয়, গোষ্ঠী নয়, এই দেশের মালিক হচ্ছে জনগণ। এবং সেই জনগণ এখন একটা বাস্তব বাংলাদেশ চায়—যেখানে ইতিহাস হবে গর্বের, ব্যবসার নয়।