মঙ্গলবার, জানুয়ারী ২০, ২০২৬
৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

অস্ট্রেলিয়ায় টয়োটা ল্যান্ডক্রুজার চুরির আন্তর্জাতিক সিন্ডিকেট গ্রেফতার

আর এন এস আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০৭ জানুয়ারী, ২০২৬, ০৩:৩৫ পিএম

অস্ট্রেলিয়ায় টয়োটা ল্যান্ডক্রুজার চুরির আন্তর্জাতিক সিন্ডিকেট গ্রেফতার
ছবি: ABC News

অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডে বিলাসবহুল গাড়ি চুরির এক বিশাল আন্তর্জাতিক সিন্ডিকেটের সন্ধান পেয়েছে ব্রিসবেন পুলিশ। সুপরিকল্পিত অভিযানের মাধ্যমে এই চক্রের সাতজন সদস্যকে গ্রেফতার করা হয়েছে, যারা মূলত বিদেশী নাগরিক। অভিযোগ রয়েছে, এই সংঘবদ্ধ চক্রটি বিমানযোগে ব্রিসবেনে এসে শুধুমাত্র দামী টয়োটা ল্যান্ডক্রুজার এবং প্রাডো গাড়ি চুরির লক্ষ্য নিয়ে কাজ শুরু করেছিল।

 

গত বছরের ২০ অক্টোবর থেকে ১ ডিসেম্বরের মধ্যে ব্রিসবেন অঞ্চল থেকে প্রায় ৬০টি বিলাসবহুল গাড়ি চুরি করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৯০ লাখ অস্ট্রেলিয়ান ডলার বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭০ কোটি টাকারও বেশি। কুইন্সল্যান্ড পুলিশের গোয়েন্দা কর্মকর্তা পল ডাল্টন জানান, চুরির এই ঘটনাগুলো সাধারণ কোনো ছিঁচকে চুরির ঘটনা ছিল না। এটি ছিল অত্যন্ত সুশৃঙ্খল, দক্ষ এবং প্রযুক্তিনির্ভর এক আন্তর্জাতিক অপরাধী চক্রের কাজ। তদন্তে জানা গেছে, চোরেরা চুরি করা গাড়িগুলো জাহাজের বিশাল কন্টেইনারে ভরে সংযুক্ত আরব আমিরাতে পাচার করত।

 

সেখানে এই গাড়িগুলো উচ্চ মূল্যে সেকেন্ড-হ্যান্ড গাড়ি হিসেবে বিক্রি করার পরিকল্পনা ছিল তাদের। পুলিশি তল্লাশি এড়াতে তারা কন্টেইনারের সামনের দিকে পুরোনো গাড়ির যন্ত্রাংশ বা ভাঙারি স্তূপ করে রাখত এবং তার পেছনে আস্ত দামী গাড়িগুলো লুকিয়ে রাখত। পুলিশের বিশেষ অভিযান ‘অপারেশন এক্স-রে লক্স’-এর আওতায় ব্রিসবেনের রকলা এবং পরবর্তীতে মেলবোর্ন বন্দর থেকে বেশ কয়েকটি কন্টেইনার জব্দ করা হয়। এখন পর্যন্ত চুরি যাওয়া ৬০টি গাড়ির মধ্যে ১৫টি উদ্ধার করা সম্ভব হয়েছে।

 

তবে পুলিশ ধারণা করছে, বাকি ৪৫টি গাড়ি সম্ভবত ইতিমধ্যেই দেশের বাইরে পাচার হয়ে গেছে। গ্রেফতারকৃত সাতজন ব্যক্তি ব্রাজিল, ফিজি, জাপান এবং আফগানিস্তানের নাগরিক। তাদের বিরুদ্ধে গাড়ি চুরি এবং চুরির চেষ্টাসহ প্রায় ৩৮০টিরও বেশি অভিযোগ আনা হয়েছে। এই চোর চক্রের কাজের ধরণ ছিল অত্যন্ত আধুনিক। ভুক্তভোগী কালি হজ জানান, তার বাড়ির ড্রাইভওয়ে থেকে ১ লাখ ২০ হাজার ডলার মূল্যের ল্যান্ডক্রুজারটি চুরি করতে চোরেরা ড্রিল মেশিন ব্যবহার করে গাড়ির ইলেকট্রনিক নিরাপত্তা ব্যবস্থা অকেজো করে দেয়।

 

সিসিটিভি ফুটেজে দেখা যায়, মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই তারা গাড়িটি নিয়ে পালিয়ে যায়। কালি হজের চুরি যাওয়া গাড়িটি মেলবোর্ন বন্দরে একটি কন্টেইনার থেকে উদ্ধার করা হয়েছে। টয়োটা কর্তৃপক্ষ জানিয়েছে, অপরাধীরা চুরির জন্য প্রতিনিয়ত নতুন প্রযুক্তি ব্যবহার করছে, যা তাদের জন্যও উদ্বেগের বিষয়। তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে নিবিড়ভাবে কাজ করছে এবং গাড়ির নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছে। গ্রেফতারকৃত আসামিদের শিগগিরই আদালতে তোলা হবে বলে জানিয়েছে পুলিশ।

 

- ABC News