মঙ্গলবার, জানুয়ারী ১৩, ২০২৬
৩০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

ঘূর্ণিঝড়ের প্রাক্কালে কেবল চুরির ঘটনায় যোগাযোগ বিচ্ছিন্ন হাজারো মানুষ

আর এন এস আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১০ জানুয়ারী, ২০২৬, ০১:৪৩ পিএম

ঘূর্ণিঝড়ের প্রাক্কালে কেবল চুরির ঘটনায় যোগাযোগ বিচ্ছিন্ন হাজারো মানুষ
ছবি: ABC News

অস্ট্রেলিয়ার উত্তর কুইন্সল্যান্ডের উপকূলীয় অঞ্চলে ধেয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড়। ঠিক এমন এক দুর্যোগপূর্ণ মুহূর্তে সন্দেহভাজন তামার তার চোরদের দৌরাত্ম্যে টেলিযোগাযোগ ব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্বৃত্তরা ফাইবার অপটিক কেবল কেটে ফেলার ফলে টাউনসভিল শহর ও এর পার্শ্ববর্তী এলাকার হাজার হাজার বাসিন্দা ঘূর্ণিঝড়ের সতর্কবার্তা ও জরুরি যোগাযোগ সেবা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছেন।

 

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, সাগরে সৃষ্ট নিম্নচাপটি শনিবার বিকেলের মধ্যেই একটি শক্তিশালী ক্যাটাগরি-টু ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে, যা স্থানীয়দের নিরাপত্তার জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। স্থানীয় প্রশাসন ও টেলিকম সেবা প্রদানকারী সংস্থা অপটাস জানিয়েছে, টাউনসভিলের মাউন্ট লো, ব্লুওয়াটার, ব্ল্যাক রিভার, টুলকিয়া এবং সন্ডার্স বিচসহ বেশ কিছু উপশহরে মোবাইল ও ইন্টারনেট সেবা বিপর্যস্ত হয়ে পড়েছে।

 

একটি মোবাইল টাওয়ার সাইটে ফাইবার কেবল কেটে ফেলার প্রমাণ পাওয়া গেছে, যা অপটাস, টেলস্ট্রা এবং ন্যাশনাল ব্রডব্যান্ড নেটওয়ার্কের সংযোগ লাইনের অংশ ছিল। ধারণা করা হচ্ছে, তামার তার চুরির উদ্দেশ্যেই দুর্বৃত্তরা এই ধ্বংসাত্মক কর্মকাণ্ড চালিয়েছে। দুর্যোগের ঠিক আগমুহূর্তে এমন ঘটনাকে স্থানীয় কর্তৃপক্ষ ‘ভ্যান্ডালিজম’ বা ইচ্ছাকৃত নাশকতা হিসেবে চিহ্নিত করেছে। এই যোগাযোগ বিভ্রাটের ফলে সাধারণ মানুষের ভোগান্তি চরমে পৌঁছেছে।

 

টুলকিয়া বিচের বাসিন্দা বিল ও কাইলি পোলসেন দম্পতি ঘূর্ণিঝড় মোকাবিলার প্রস্তুতি নিচ্ছিলেন, কিন্তু শুক্রবার রাত থেকে তাঁদের ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ক্ষোভ প্রকাশ করে কাইলি পোলসেন বলেন, "দুর্যোগের সময় যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে যাওয়া অত্যন্ত হতাশার। যারা মানুষের বিপদের সময়ে এমন জঘন্য কাজ করতে পারে, তাদের থামানো উচিত।" তিনি আরও উল্লেখ করেন যে, অনেক অসুস্থ মানুষের জরুরি চিকিৎসার জন্য ইন্টারনেটের প্রয়োজন হয়, যা এখন ব্যাহত হচ্ছে।

 

কুইন্সল্যান্ডের প্রিমিয়ার ডেভিড ক্রিসাফুলি এই ঘটনাকে একটি "অত্যন্ত নিচু ও ঘৃণ্য কাজ" হিসেবে অভিহিত করেছেন। তিনি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, "মানুষ যখন জীবন বাঁচানোর লড়াইয়ে ব্যস্ত, তখন যারা তার চুরি করতে গিয়ে হাজারো মানুষের জীবন ঝুঁকিতে ফেলে, তাদের চেয়ে নিকৃষ্ট আর কেউ হতে পারে না। দোষীদের খুঁজে বের করে কঠোরতম শাস্তির মুখোমুখি করা হবে।" টাউনসভিলের মেয়র নিক দামেত্তো জানিয়েছেন, প্রায় ৫,০০০ বাসিন্দা এই বিভ্রাটের শিকার হয়েছেন।

 

তিনি আশঙ্কা প্রকাশ করেন যে, দুর্যোগের সময় গুরুত্বপূর্ণ বার্তা জনগণের কাছে পৌঁছানো অসম্ভব হয়ে পড়লে বড় ধরণের বিপদ ঘটতে পারে। টেলস্ট্রা জানিয়েছে, তাদের কর্মীরা ক্ষতিগ্রস্ত লাইন মেরামতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন এবং জরুরি সেবা নম্বর ‘ট্রিপল জিরো’ (০০০) সচল রাখতে বিকল্প ব্যবস্থা নেওয়া হয়েছে। মেয়র বাসিন্দাদের ব্যাটারিচালিত রেডিও এবং ইমার্জেন্সি কিট প্রস্তুত রাখার আহ্বান জানিয়েছেন, যাতে ইন্টারনেট বা বিদ্যুৎ না থাকলেও আবহাওয়ার সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে জানা সম্ভব হয়। প্রকৃতির এই রোষানলের মাঝে মানুষের তৈরি এমন সংকট স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ ও উদ্বেগের সঞ্চার করেছে।

 

- ABC News