শনিবার, জুলাই ১৮, ২০২৬
৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সিডনিতে পুলিশের ধাওয়ার মুখে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, দুই নারীর মৃত্যু

আর এন এস আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারী, ২০২৬, ০৮:৫৪ পিএম

সিডনিতে পুলিশের ধাওয়ার মুখে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, দুই নারীর মৃত্যু
ছবি: ABC News

অস্ট্রেলিয়ার সিডনির দক্ষিণ-পশ্চিমাঞ্চলে পুলিশের ধাওয়ার মুখে একটি ছিনতাইকৃত গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েছে। এই মর্মান্তিক ঘটনায় ৬০ ও ৮৪ বছর বয়সী দুই নারীর মৃত্যু হয়েছে। শনিবার সকালে ঘটা এই ঘটনার পর পুলিশ ৩১ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।

 

নিউ সাউথ ওয়েলস পুলিশ প্রশাসন বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করে ‘লেভেল ২ ক্রিটিক্যাল ইনসিডেন্ট’ বা সর্বোচ্চ পর্যায়ের গুরুতর ঘটনা হিসেবে ঘোষণা করেছে। ঘটনার সূত্রপাত হয় সাউথ হার্স্টভিলের কিং জর্জেস রোডের একটি পেট্রোল স্টেশনে।

 

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সকাল ১০টার দিকে ২৫ বছর বয়সী এক ব্যক্তি তার গাড়িতে তেল ভরছিলেন। সে সময় অভিযুক্ত ব্যক্তি ওই গাড়ির মালিককে অতর্কিত হামলা করে এবং তার মোবাইল ফোন ও চাবি ছিনিয়ে নেয়। এরপর লাল রঙের ওই সেডান গাড়িটি নিয়ে সে দ্রুতগতিতে পালিয়ে যায়।

 

পরবর্তীতে বেভারলি হিলস এলাকায় গাড়িটি পুলিশের নজরে এলে তারা ধাওয়া শুরু করে। ধাওয়াটি এম-ফাইভ (M5) মহাসড়ক পর্যন্ত গড়ালে পরিস্থিতি বিপজ্জনক হয়ে ওঠে। এ অবস্থায় সাধারণ মানুষের নিরাপত্তার কথা চিন্তা করে পুলিশ সরাসরি গাড়ির পেছনে ধাওয়া বন্ধ করে দেয় এবং আকাশপথে হেলিকপ্টারের (পোল-এয়ার) মাধ্যমে নজরদারি শুরু করে।

 

নিউ সাউথ ওয়েলস পুলিশের সহকারী কমিশনার ব্রেট ম্যাকফ্যাডেন জানান, ধাওয়া বন্ধ করার পরবর্তী ৪০ মিনিট ধরে চালক অত্যন্ত বেপরোয়াভাবে গাড়ি চালাচ্ছিল। আকাশপথের ফুটেজ বিশ্লেষণ করে তিনি চালকের আচরণকে ‘দীর্ঘদিন পর দেখা অন্যতম বিপজ্জনক ড্রাইভিং’ হিসেবে আখ্যায়িত করেছেন।

 

তিনি আরও স্পষ্ট করেন যে, দুর্ঘটনার সময় ওই গাড়ির আশেপাশে পুলিশের কোনো টহল গাড়ি ছিল না, বরং দূর থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছিল যাতে কোনো বড় দুর্ঘটনা এড়ানো যায়। কিন্তু চালকের বেপরোয়া গতির কারণে শেষ রক্ষা হয়নি।

 

সকাল ১১টার দিকে ক্যামডেনের রিমেম্বারেন্স ড্রাইভ ও ওল্ড হিউম হাইওয়ের সংযোগস্থলে লাল গাড়িটি ট্রাফিক আইন অমান্য করে রাস্তা পার হওয়ার সময় একটি আলফা রোমিও সেডানকে সজোরে ধাক্কা দেয়। এতে আলফা রোমিওতে থাকা ৬০ বছর বয়সী চালক এবং তার পাশে বসা ৮৪ বছর বয়সী নারী যাত্রী গুরুতর আহত হন।

 

প্যারামেডিকরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাঁদের বাঁচানোর সর্বোচ্চ চেষ্টা করলেও দুর্ভাগ্যবশত ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়। নিহতরা স্থানীয় ক্যাম্পবেলটাউন এলাকার বাসিন্দা এবং সম্পর্কে আত্মীয় বলে জানা গেছে। সহকারী কমিশনার ম্যাকফ্যাডেন এই ঘটনাকে পরিবারের জন্য এক অপূরণীয় ক্ষতি এবং বিপর্যয়কর অভিজ্ঞতা হিসেবে বর্ণনা করেছেন।

 

দুর্ঘটনার পরপরই অভিযুক্ত চালক দুমড়েমুচড়ে যাওয়া গাড়ি থেকে বেরিয়ে দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তবে ঘটনাস্থলে উপস্থিত একজন সাহসী নারী পুলিশ কর্মকর্তা একা তাকে ধাওয়া করেন এবং বন্দুক তাক করে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হন। পুলিশ জানিয়েছে, ধৃত ব্যক্তি আইনশৃঙ্খলা বাহিনীর কাছে ‘সুপরিচিত’ অপরাধী।

 

বর্তমানে তাকে ক্যাম্পবেলটাউন থানায় রাখা হয়েছে এবং ঘটনার বিস্তারিত তদন্ত চলছে। যেহেতু পুলিশি অভিযানের সময় মৃত্যুর ঘটনা ঘটেছে, তাই নিয়ম অনুযায়ী এই তদন্ত প্রক্রিয়াটি ‘প্রফেশনাল স্ট্যান্ডার্ডস কমান্ড’ দ্বারা পর্যালোচনা করা হবে এবং ‘ল এনফোর্সমেন্ট কন্ডাক্ট কমিশন’ এর তদারকি করবে। পুলিশ দুর্ঘটনাস্থলসহ একাধিক স্থানে ক্রাইম সিন বা অপরাধ ঘটনাস্থল চিহ্নিত করে আলামত সংগ্রহের কাজ চালিয়ে যাচ্ছে।

 

- ABC News