রাজধানীর উত্তরায় একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে অন্তত একজন নিহত হয়েছেন। এই ঘটনায় নারী ও শিশুসহ আরও ২৬ জন দগ্ধ হয়েছেন, যাদের অধিকাংশেরই অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। আজ (সোমবার) দুপুরে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফ-৭ বিজিআই প্রশিক্ষণ বিমান দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়নের পরপরই উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ মাঠে বিধ্বস্ত হয়।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক (ঢাকা) কাজী নজমুজ্জামান জানিয়েছেন, দুর্ঘটনার পর পরই ফায়ার সার্ভিসের আটটি ইউনিট এবং দুই প্লাটুন বিজিবি উদ্ধার তৎপরতা শুরু করে। তিনি আরও নিশ্চিত করেন যে, সুনির্দিষ্ট সংখ্যা বলা কঠিন হলেও ব্যাপক হতাহতের ঘটনা ঘটেছে।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডাক্তার শাওন বিন রহমান জানান, দুপুর আড়াইটা থেকে দগ্ধদের বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগে আনা শুরু হয়। তাদের মধ্যে বেশিরভাগই শিক্ষার্থী এবং ২৬ জন দগ্ধ ব্যক্তির অবস্থাই আশঙ্কাজনক। আহতদের উদ্ধার করে দ্রুত সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) এবং অন্যান্য হাসপাতালে পাঠানো হচ্ছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে দুর্ঘটনাস্থলে ব্যাপক ধোঁয়া এবং স্ট্রেচারে করে হতাহতদের সরিয়ে নিতে দেখা গেছে। এই দুর্ঘটনায় নিহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে।