মঙ্গলবার, জানুয়ারী ২০, ২০২৬
৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বাংলার যাত্রাপালা কোথায় হারালো? প্রশ্ন অভিনেত্রী চমকের

আর এন এস বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২০ অক্টোবর, ২০২৫, ১১:৩১ এএম

বাংলার যাত্রাপালা কোথায় হারালো? প্রশ্ন অভিনেত্রী চমকের
ছবি: সংগৃহীত

একসময় শীতকাল এলেই গ্রামবাংলার পথে-প্রান্তরে মাইকে যাত্রা শুরুর ঘোষণা এবং ঢোলের শব্দে মুখরিত হতো জনপদ। মঞ্চে জীবন্ত হয়ে উঠত পৌরাণিক ও ঐতিহাসিক কাহিনি, যা ছিল আবহমান বাংলার লোকসংস্কৃতির এক প্রাণবন্ত রূপ। কিন্তু কালের বিবর্তনে সেই দৃশ্য আজ বিলুপ্তির পথে। দেশের ঐতিহ্যবাহী যাত্রাপালার এই হারিয়ে যাওয়ার আক্ষেপ নিয়ে সম্প্রতি ভিডিও পোস্ট করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী রুকাইয়া জাহান চমক।

 

নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে ভিডিও পোস্ট করে অভিনেত্রী চমক দেশের এই ঐতিহ্যবাহী শিল্প মাধ্যমটি নিয়ে তাঁর গভীর অনুভূতি প্রকাশ করেন। ক্যাপশনে তাঁর প্রশ্ন, "কোথায় হারালো বাংলার সেই যাত্রাপালা?" তিনি তাঁর পোস্টে লেখেন, "যে মঞ্চে একসময় গমগম করতো ঢোলের শব্দ, আমাদের মাটির গল্প, আমাদের পূর্বপুরুষের হাসি-কান্না, আমাদের শেকড়। সব একে একে হারিয়ে যাচ্ছে সস্তা বিনোদনের আড়ালে।"

 

অভিনেত্রীর মতে, যাত্রাপালা কেবল একটি বিনোদনের মাধ্যম ছিল না, বরং এটি ছিল বাঙালির লোকসংস্কৃতি এবং লোকবিশ্বাসের সঙ্গে নিবিড়ভাবে যুক্ত। তিনি বলেন, "এই যাত্রাপালা শুধু নাটক না, এটা ছিল বাঙালির লোকসংস্কৃতি, লোকবিশ্বাস, লোকআত্মা। যেখানে অভিনেতা আর দর্শকের মাঝে কোনো পর্দা ছিল না, ছিল শুধু মাটির গন্ধ আর প্রাণের সংযোগ।" চমকের এই মন্তব্য বাংলার চিরায়ত সংস্কৃতি ধরে রাখার বিষয়ে তাঁর উদ্বেগকে স্পষ্ট করে তোলে।

 

উল্লেখ্য, রুকাইয়া জাহান চমক ২০১৭ সালে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতায় দ্বিতীয় রানারআপ হয়ে শোবিজ জগতে পা রাখেন। এরপর ২০২০ সাল থেকে তিনি অভিনয় শুরু করেন। তাঁর উল্লেখযোগ্য কাজগুলোর মধ্যে রয়েছে 'হায়দার', 'হাউস নং ৯৬', 'মহানগর', 'সাদা প্রাইভেট', 'অসমাপ্ত' এবং 'ভাইরাল হ্যাজব্যান্ড'-এর মতো জনপ্রিয় নাটক ও সিরিজ।