বিতর্কের সূচনা হয় ছবিটির চিত্রগ্রহণ চলাকালীন ধারণকৃত একটি ভিডিও অংশ বা খণ্ডচিত্র ফাঁস হওয়াকে কেন্দ্র করে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ওই ভিডিওতে, মহাতারকা শাকিব খানকে একজন নারী সহশিল্পীর সঙ্গে একটি নাচের দৃশ্যে অনুশীলন করতে দেখা যায়। ভিডিওটি দ্রুত ছড়িয়ে পড়ার সাথে সাথেই ইন্টারনেট ব্যবহারকারীদের মধ্যে জল্পনা শুরু হয়।
অনেকেই মন্তব্য করতে থাকেন যে, শাকিব খানের সঙ্গে থাকা ওই নারী শিল্পীই তানজিন তিশা। এই অনুমাননির্ভর আলোচনা দ্রুতই মূলধারার গণমাধ্যমের একাংশের প্রতিবেদনে স্থান পায়, যা নিয়ে তানজিন তিশা তীব্র আপত্তি জানিয়েছেন। শুক্রবার (৭ নভেম্বর) এই বিভ্রান্তিকর তথ্য সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হন তানজিন তিশা। তিনি অত্যন্ত জোরালো ভাষায় এই দাবি প্রত্যাখ্যান করেন এবং স্পষ্ট জানিয়ে দেন যে, ওই ভিডিওতে দৃশ্যমান নারী তিনি নন।
তিশা বলেন, "‘সোলজার’ চলচ্চিত্রে আমার কোনো খণ্ডচিত্র বা দৃশ্য এখনো কোনোভাবেই প্রকাশ হয়নি। ওই ভিডিওতে আমি ছিলাম না।" এই ঘটনায় গণমাধ্যমের ভূমিকার প্রতি উষ্মা প্রকাশ করে অভিনেত্রী দায়িত্বশীল সাংবাদিকতার ওপর গুরুত্বারোপ করেন। তিনি ভুল তথ্য যাচাই না করে সংবাদ পরিবেশনের সমালোচনা করে বলেন, "আপনারা ভুল সংবাদ করেছেন মাঝেমধ্যে একটু জেনে-শুনে সংবাদ পরিবেশন করলে ভালো হয়।" এই ধরনের সংবাদ তার পেশাগত ভাবমূর্তির জন্য ক্ষতিকর উল্লেখ করে তিনি যোগ করেন, "আমি জানি, আমি একটি বড় কাজ করতে যাচ্ছি।"
বিতর্ক সত্ত্বেও, ‘সোলজার’ নিয়ে নিজের উচ্ছ্বাস গোপন রাখেননি তানজিন তিশা। তিনি এই চলচ্চিত্রটিকে তার ক্যারিয়ারের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন। তিনি বলেন, "আমি এই কাজটি নিয়ে অনেক উচ্ছ্বসিত। যদিও আমি একা কিছুই নই, এটি সম্পূর্ণ দলের কাজ। আমি সবসময় বলি, এটি একটি দলগত প্রচেষ্টা।"
‘সোলজার’ চলচ্চিত্রের চিত্রগ্রহণের কাজ পুরোদমে চলছে। গত ১১ অক্টোবর তানজিন তিশা প্রথমবার শাকিব খানের সঙ্গে ক্যামেরার সামনে দাঁড়ান। দেশপ্রেমের গল্পকে কেন্দ্র করে নির্মিত এই চলচ্চিত্রটি পরিচালনা করছেন সাকিব ফাহাদ। প্রযোজনা সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, যদি সকল কাজ পরিকল্পনা মাফিক এগিয়ে যায়, তবে আগামী ডিসেম্বর মাসেই চলচ্চিত্রটি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে।