এটি নিঃসন্দেহে ইতিবাচক পরিবর্তন। তবে এই পরিবর্তনের মধ্যেই একটি প্রশ্ন সামনে আসছে সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচিতি অর্জন করলেই কি একজন মানুষ সাংবাদিক হয়ে ওঠেন? বর্তমানে জেলা পর্যায়ে অনেকের ফেসবুক প্রোফাইল কিংবা পেজের নামের সঙ্গে ‘সাংবাদিক’, ‘জেলা প্রতিনিধি’ বা ‘সংবাদকর্মী’ পরিচয় যুক্ত থাকতে দেখা যায়।
কেউ কেউ নিয়মিত বিভিন্ন ঘটনা নিয়ে লেখেন, অনিয়মের প্রতিবাদ করেন, রাজনৈতিক বক্তব্য তুলে ধরেন কিংবা স্থানীয় নানা সমস্যা নিয়ে সরব থাকেন। এসব কাজের সামাজিক গুরুত্ব রয়েছে। কিন্তু ব্যক্তিগত মতপ্রকাশ, সামাজিক সচেতনতা তৈরি এবং প্রাতিষ্ঠানিক সাংবাদিকতা তিনটি সম্পূর্ণ আলাদা বিষয়।
ফেসবুক একটি সামাজিক যোগাযোগমাধ্যম। এখানে একজন মানুষ স্বাধীনভাবে নিজের মতামত প্রকাশ করতে পারেন, প্রতিবাদ জানাতে পারেন, জনস্বার্থসংশ্লিষ্ট বিষয় তুলে ধরতে পারেন। নিজের কাজ ও প্রতিভার পরিচিতিও ছড়িয়ে দিতে পারেন।
কিন্তু ফেসবুকে হাজার হাজার অনুসারী থাকা কিংবা কোনো ঘটনায় নিজের বক্তব্য প্রকাশ করাই সাংবাদিকতার পূর্ণাঙ্গ পরিচয় হতে পারে না। কারণ, সাংবাদিকতা শুধু কিছু লেখা প্রকাশের নাম নয়; এর সঙ্গে জড়িয়ে আছে তথ্যের সত্যতা, পেশাগত দায়িত্ব, নিরপেক্ষতা এবং জবাবদিহি।
একজন সাংবাদিক কোন প্রতিষ্ঠানের হয়ে কাজ করছেন, তাঁর সংবাদ প্রকাশের ক্ষেত্র ও দায়িত্ব কী, তথ্যের সত্যতা কীভাবে যাচাই করছেন, এসব বিষয় গুরুত্বপূর্ণ। অবশ্যই স্বাধীন সাংবাদিকতা বা ফ্রিল্যান্স সাংবাদিকতার স্বীকৃত চর্চা রয়েছে।
একজন সাংবাদিক কোনো প্রতিষ্ঠানের স্থায়ী কর্মী না হয়েও স্বাধীনভাবে সংবাদ সংগ্রহ ও প্রকাশ করতে পারেন। তবে স্বাধীনভাবে কাজ করার অর্থ এই নয় যে সাংবাদিকতার নীতিমালা ও পেশাগত দায়বদ্ধতার বাইরে চলে যাওয়া যাবে।
বিশ্বের প্রতিষ্ঠিত সংবাদমাধ্যমগুলোর সাংবাদিকতার চর্চা পর্যালোচনা করলে দেখা যায়, একটি সংবাদ প্রকাশের আগে তথ্য যাচাই, সংশ্লিষ্ট সব পক্ষের বক্তব্য নেওয়া, ঘটনার প্রেক্ষাপট বোঝা এবং ব্যক্তিগত ও সামাজিক সংবেদনশীলতার বিষয়গুলো বিবেচনায় রাখা হয়।
কোথায় ক্যামেরা ব্যবহার করা যাবে, কোথায় গোপনীয়তা রক্ষা করতে হবে, কার বক্তব্য কীভাবে উপস্থাপন করতে হবে, এসব বিষয়ও সাংবাদিকতার গুরুত্বপূর্ণ অংশ। বিশেষ করে ভিডিও সাংবাদিকতার ক্ষেত্রে ক্যামেরা পরিচালনা, সাক্ষাৎকার গ্রহণ, দৃশ্য ধারণ এবং সম্পাদনার দক্ষতা থাকা প্রয়োজন।
আমাদের দেশে জেলা পর্যায়ের সাংবাদিকতায় এসব বিষয়ে আরও বেশি গুরুত্ব দেওয়া দরকার। কারণ, একজন জেলা সংবাদকর্মী শুধু একটি এলাকার খবর প্রকাশ করেন না; তাঁর প্রতিবেদনের মাধ্যমে একটি জেলার মানুষের সমস্যা, সম্ভাবনা, প্রশাসনিক কার্যক্রম, উন্নয়ন ও অনিয়ম জাতীয় পর্যায়েও আলোচনায় আসতে পারে।
ফলে তাঁর প্রতিটি প্রতিবেদনেই দায়িত্বশীলতার পরিচয় থাকা জরুরি। বর্তমান সময়ে সাংবাদিকতার চ্যালেঞ্জও কম নয়। রাজনৈতিক মতপার্থক্য, ক্ষমতাসীনদের চাপ, মামলা-হয়রানির আশঙ্কা, সামাজিক প্রতিহিংসা এবং সাংবাদিকদের নিরাপত্তার প্রশ্ন প্রতিনিয়ত সামনে আসছে।
অনেক ক্ষেত্রে সত্য প্রকাশ করতে গিয়ে সাংবাদিকদের প্রতিকূল পরিস্থিতির মুখোমুখি হতে হয়। এমন বাস্তবতায় সাংবাদিকতার স্বাধীনতা যেমন গুরুত্বপূর্ণ, তেমনি সেই স্বাধীনতার যথাযথ ও দায়িত্বশীল ব্যবহারও জরুরি। কোনো রাজনৈতিক পক্ষের প্রতি সমর্থন কিংবা বিরোধিতা নয়, বরং তথ্য ও জনস্বার্থকে প্রাধান্য দেওয়াই হওয়া উচিত একজন সাংবাদিকের মূল অবস্থান।
আরেকটি বিষয় গুরুত্বের সঙ্গে ভাবা দরকার, বর্তমান যুগে শুধু লেখালেখির মধ্যে সাংবাদিকতাকে সীমাবদ্ধ রাখার সুযোগ নেই। সংবাদ সংগ্রহের পাশাপাশি ভিডিও প্রতিবেদন, মোবাইল জার্নালিজম, তথ্য যাচাই, ডিজিটাল কনটেন্ট তৈরি এবং আধুনিক সংবাদ সম্পাদনার দক্ষতা অর্জন করতে হবে।
সময়ের সঙ্গে তাল মিলিয়ে নিজেদের প্রস্তুত করতে না পারলে পেশাগতভাবে পিছিয়ে পড়ার আশঙ্কা রয়েছে। জেলা ও উপজেলা পর্যায়ে যারা নতুন করে সাংবাদিকতায় আসছেন, তাঁদের প্রতি প্রত্যাশা সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচিতি তৈরির পাশাপাশি সাংবাদিকতার মৌলিক বিষয়গুলো শিখুন।
অভিজ্ঞ সাংবাদিকদের কাছ থেকে কাজ বুঝে নিন, সংবাদমাধ্যমের সঙ্গে যুক্ত হওয়ার চেষ্টা করুন, প্রশিক্ষণ গ্রহণ করুন এবং নিজের কাজের মান উন্নত করুন। জনপ্রিয়তা অর্জনের চেয়ে পেশাগত দক্ষতা ও বিশ্বাসযোগ্যতা অর্জনকে বেশি গুরুত্ব দিন।
সবশেষে বলা যায়, সাংবাদিকতা কোনো নামের আগে একটি পরিচয় যুক্ত করার বিষয় নয়। এটি মানুষের প্রতি দায়বদ্ধতা, সত্যের প্রতি নিষ্ঠা এবং সমাজের কাছে জবাবদিহির একটি পেশা। ফেসবুকে হাজার হাজার অনুসারী থাকা একজন মানুষের ব্যক্তিগত অর্জন হতে পারে, কিন্তু সাংবাদিক হিসেবে তাঁর গ্রহণযোগ্যতা নির্ধারিত হবে কাজের মান, সততা ও পেশাগত দক্ষতার ভিত্তিতে।
জেলা পর্যায়ের সাংবাদিকতাকে ব্যক্তিগত পরিচিতি কিংবা অনুসারী বাড়ানোর প্রতিযোগিতা থেকে বের করে আরও প্রাতিষ্ঠানিক, দক্ষ ও দায়িত্বশীল পর্যায়ে নিয়ে যাওয়া এখন সময়ের দাবি। কে নিজেকে কত বড় সাংবাদিক হিসেবে পরিচয় দিচ্ছেন, সেটি মুখ্য নয়; বরং কে কতটা নির্ভরযোগ্য সংবাদ মানুষের সামনে তুলে ধরতে পারছেন, সেটিই হওয়া উচিত বিবেচনার বিষয়। কারণ, সাংবাদিকতা পরিচয়ে নয়, প্রতিষ্ঠিত হয় কাজের মাধ্যমে।