কারিগরি শিক্ষা অধিদপ্তরের উপবৃত্তি সেলের নাম ব্যবহার করে একটি প্রতারক চক্র ইউজার আইডি, পাসওয়ার্ড এবং ওটিপি (OTP) সংগ্রহের চেষ্টা করছে। এই বিষয়ে কারিগরি শিক্ষা অধিদপ্তর একটি জরুরি সতর্কীকরণ বিজ্ঞপ্তি জারি করে সবাইকে সচেতন থাকার নির্দেশ দিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অজ্ঞাতনামা ব্যক্তিরা নিজেদের অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী হিসেবে পরিচয় দিয়ে ফোনকল, এসএমএস বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কাছ থেকে গোপন তথ্য, যেমন—পাসওয়ার্ড, ওটিপি বা আইডি, জানতে চাইছে। অধিদপ্তর স্পষ্টভাবে জানিয়েছে যে, তারা কখনোই এই ধরনের তথ্য চেয়ে থাকে না। তাই এই ধরনের সব যোগাযোগ ভুয়া এবং প্রতারণামূলক।
শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে এই ধরনের প্রতারণামূলক কল বা বার্তা থেকে বিরত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে। যদি কোনো শিক্ষা প্রতিষ্ঠান বা ব্যক্তি এমন কোনো ঘটনার শিকার হন, তাহলে দ্রুত নিকটস্থ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করতে হবে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানাতে হবে। প্রয়োজনে কারিগরি শিক্ষা অধিদপ্তরের উপবৃত্তি সেলের অফিসিয়াল ফোন নম্বর (+৮৮০২২২৩-৩৭৪৯৪০) অথবা ই-মেইল ঠিকানায় যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।
অধিদপ্তর আরও জানিয়েছে, যদি পাসওয়ার্ড পরিবর্তনের প্রয়োজন হয়, তবে জিডির কপি সহ মহাপরিচালক, কারিগরি শিক্ষা অধিদপ্তরের কাছে লিখিত আবেদন করতে হবে। ভবিষ্যতে এমন প্রতারণা প্রতিরোধে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করার জন্য সবাইকে অনুরোধ করা হয়েছে।