শনিবার, জানুয়ারী ২৪, ২০২৬
১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

আগামী জাতীয় নির্বাচনে পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন প্রবাসীরা!

আর এন এস ডেস্ক

প্রকাশিত: ১১ সেপ্টেম্বর, ২০২৫, ০৮:০১ এএম

আগামী জাতীয় নির্বাচনে পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন প্রবাসীরা!
ছবি: সংগৃহীত

আগামী জাতীয় সংসদ নির্বাচনে স্মার্ট জাতীয় পরিচয়পত্রধারী (এনআইডি) প্রবাসী বাংলাদেশিরা পোস্টাল ব্যালটের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। এই প্রক্রিয়া সহজ করার জন্য "পোস্টাল ব্যালট বিডি" নামে একটি বিশেষ অ্যাপ তৈরি করা হচ্ছে।

বুধবার (১০ সেপ্টেম্বর) কানাডার টরন্টোতে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন এই গুরুত্বপূর্ণ ঘোষণা দেন।

 

কানাডায় সরকারি সফরে থাকা সিইসি টরন্টোর বাংলাদেশ কনস্যুলেট জেনারেল আয়োজিত এই অনুষ্ঠানে প্রবাসীদের জন্য স্মার্ট এনআইডি কার্ড বিতরণ কর্মসূচিরও উদ্বোধন করেন।

তিনি বলেন, নির্বাচন কমিশন প্রবাসীদের গণতান্ত্রিক প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত করতে বদ্ধপরিকর। তিনি বিদেশে বসবাসরত সকল যোগ্য বাংলাদেশিকে ভোটার হিসেবে নিবন্ধন এবং আগামী নির্বাচনে সক্রিয়ভাবে ভোট প্রদানের জন্য আহ্বান জানান।

 

সিইসি তার বক্তব্যে প্রবাসীদের জন্য ভোটার নিবন্ধন প্রক্রিয়া এবং পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার পদ্ধতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।

অনুষ্ঠানে উপস্থিত শতাধিক প্রবাসী বাংলাদেশি বিভিন্ন প্রশ্নোত্তরের মাধ্যমে আলোচনায় অংশ নেন এবং প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করার এই উদ্যোগে নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানান। এই পদক্ষেপকে বিদেশে বসবাসরত লক্ষ লক্ষ বাংলাদেশির গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।