মঙ্গলবার, জানুয়ারী ১৩, ২০২৬
৩০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

পিআর পদ্ধতির নির্বাচনের দাবি ‘নির্বাচন বানচালের ষড়যন্ত্র’!

আর এন এস ডেস্ক

প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর, ২০২৫, ০৯:১১ এএম

পিআর পদ্ধতির নির্বাচনের দাবি ‘নির্বাচন বানচালের ষড়যন্ত্র’!
ছবি: সংগৃহীত

জামায়াতে ইসলামীসহ কয়েকটি ইসলামী দলের পক্ষ থেকে আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতির নির্বাচনের দাবিতে আন্দোলন ঘোষণার পেছনে ‘নির্বাচন বানচালের ষড়যন্ত্র’ দেখছে বিএনপি। দলটির সিনিয়র নেতারা এই নতুন আন্দোলনের উদ্দেশ্য নিয়ে গভীর উদ্বেগ ও সন্দেহ প্রকাশ করেছেন।

 

সোমবার (১৫ সেপ্টেম্বর) পৃথক অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই বিষয়ে কথা বলেন।

আমীর খসরু বলেন, "রাস্তায় আন্দোলনের পর্যায় শেষ, এখন জনগণের কাছে ম্যান্ডেট চাওয়ার সময়। নির্বাচনের মাধ্যমে জনগণের রায় নেওয়াই হলো গণতান্ত্রিক পথ। এর বাইরে কিছু করা হলে তা গণতন্ত্রকে বাধাগ্রস্ত করবে।"

 

অন্যদিকে, রুহুল কবির রিজভী আরও সরাসরি অভিযোগ করে বলেন, পিআর পদ্ধতির নির্বাচনের এই নতুন দাবি একটি "সুপরিকল্পিত মাস্টার প্ল্যান", যার উদ্দেশ্য হলো আগামী জাতীয় নির্বাচনকে বানচাল করা। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, "পরাজিত শক্তির সঙ্গে জোটের রাজনীতি কারও জন্য মঙ্গল বয়ে আনবে না, বরং এটি এক ভয়াবহ পরিস্থিতি তৈরি করতে পারে।"

 

উল্লেখ্য, সম্প্রতি জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং খেলাফত মজলিস—এই তিনটি দল পিআর পদ্ধতির নির্বাচনসহ কয়েকটি অভিন্ন দাবিতে যুগপৎ আন্দোলনের ঘোষণা দেয়। বিএনপির এই কঠোর প্রতিক্রিয়া প্রমাণ করে, গণ-অভ্যুত্থানে একসঙ্গে অংশ নিলেও, ভবিষ্যৎ রাষ্ট্রীয় ব্যবস্থা নিয়ে দলগুলোর মধ্যে গভীর মতপার্থক্য তৈরি হয়েছে।