শনিবার, জানুয়ারী ২৪, ২০২৬
১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জাগপা মুখপাত্র রাশেদ প্রধান

আর এন এস ডেস্ক

প্রকাশিত: ১০ জানুয়ারী, ২০২৬, ০৫:০২ পিএম

আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জাগপা মুখপাত্র রাশেদ প্রধান
ছবি: Collected

হলফনামাসংক্রান্ত জটিলতা কাটিয়ে অবশেষে পঞ্চগড়-১ ও পঞ্চগড়-২ আসনে প্রার্থিতা ফিরে পেলেন জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) মুখপাত্র আল রাশেদ প্রধান। শনিবার (১০ জানুয়ারি ২০২৬) সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে অনুষ্ঠিত আপিল শুনানিতে নির্বাচন কমিশন তাঁর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে।

 

মূলত হলফনামায় ৩০০ টাকার স্ট্যাম্প সংযুক্ত না করার কারণে রিটার্নিং কর্মকর্তা তাঁর প্রার্থিতা বাতিল করেছিলেন। প্রার্থিতা ফিরে পেলেও নির্বাচন কমিশনের নিরপেক্ষতা ও নির্বাচনী পরিবেশ নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন রাশেদ প্রধান। শুনানি শেষে তিনি সাংবাদিকদের বলেন, "বিএনপির প্রার্থীদের ঋণখেলাপি হওয়া বা বিদেশি নাগরিকত্ব থাকার মতো গুরুতর অভিযোগ সত্ত্বেও তাঁদের প্রার্থিতা টিকে যাচ্ছে।

 

অথচ জামায়াত ও জাগপাসহ ১১ দলীয় জোটের প্রার্থীদের সামান্য অজুহাতে বাতিল করা হচ্ছে।" তিনি অভিযোগ করেন, বর্তমানে সব দলের জন্য সমান সুযোগ বা ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নেই এবং মূল নির্বাচনেও এমন বৈষম্যমূলক পরিবেশ বজায় থাকার আশঙ্কা রয়েছে।

 

জাগপা সভাপতি তাসমিয়া প্রধান বিষয়টি নিশ্চিত করে বলেন, ৩০০ টাকার স্ট্যাম্প সংযুক্ত না করার মতো একটি ‘ছোট ভুলের’ কারণে তাঁর দলের মুখপাত্রের প্রার্থিতা বাতিল করা হয়েছিল, যা আপিলের মাধ্যমে সংশোধন করা হয়েছে। উল্লেখ্য, নির্বাচন কমিশনে শনিবার থেকে শুরু হওয়া এই আপিল শুনানি চলবে আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত।