সোমবার (১০ নভেম্বর) সকাল ১০টার দিকে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ভবনের সামনে থেকে একটি র্যালি বের হয়। র্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
র্যালিতে অংশ নেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম সিকদার, ট্রেজারার প্রফেসর ড. এম. জাহাঙ্গীর কবির, প্রক্টর প্রফেসর ড. মো. শামসুজ্জোহা, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. এস. এম. এমদাদুল হাসান, ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন প্রফেসর মো. মামুনুর রশিদ এবং হিসাববিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ড. শেখ মুশতাক আহমেদসহ বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা।
হিসাববিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ড. শেখ মুশতাক আহমেদ বলেন, ‘হিসাববিজ্ঞান দিবস মূলত হিসাববিজ্ঞান-কেন্দ্রিক পেশাজীবীদের অনুপ্রাণিত করতে প্রতি বছর উদযাপিত হয়। ইউরোপ ও আমেরিকার বিভিন্ন অ্যাকাউন্টিং অ্যাসোসিয়েশন-যেমন ACCA ও AICPA-এই দিবসকে কেন্দ্র করে বিশ্বব্যাপী মানুষকে পেশাটির গুরুত্ব সম্পর্কে সচেতন করে।’
উল্লেখ্য, ‘অ্যাকাউন্টিং অ্যান্ড বুককিপিং’-এর জনক হিসেবে পরিচিত ইতালীয় গণিতবিদ ও ধর্মযাজক লুকা ডি প্যাসিওলি ১৪৯৪ সালের ১০ নভেম্বর তাঁর বিখ্যাত গ্রন্থ “সুমা ডি এরিথমেটিকা, জিওমেট্রিয়া, প্রোপরসনি এট প্রোপরসনালিটা” প্রকাশ করেন। সেই ঐতিহাসিক দিনটিকে স্মরণ করেই বিশ্বের বিভিন্ন দেশে এবং হাবিপ্রবিতেও আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস পালন করা হয়।