শনিবার, জুলাই ১৮, ২০২৬
৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রামে বিএনপির জনসভার আশপাশের এলাকায় মানুষের ঢল

আর এন এস ডেস্ক

প্রকাশিত: ২৫ জানুয়ারী, ২০২৬, ১২:২৮ পিএম

চট্টগ্রামে বিএনপির জনসভার আশপাশের এলাকায় মানুষের ঢল
ছবি: সংগৃহীত

দীর্ঘ প্রায় দুই দশক পর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে বন্দরনগরী চট্টগ্রামে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

 

রবিবার (২৫ জানুয়ারি ২০২৬) সকাল থেকেই ঐতিহাসিক পলোগ্রাউন্ড মাঠ ও এর আশপাশের এলাকা নেতাকর্মী ও সাধারণ মানুষের পদচারণায় মুখর হয়ে উঠেছে। সকাল গড়িয়ে দুপুর হওয়ার আগেই জনসভাস্থল ছাপিয়ে মানুষের ঢল টাইগারপাস মোড়, ফলমণ্ডি মোড় এবং সিআরবি সড়কের মতো গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে ছড়িয়ে পড়ে।

 

দীর্ঘ বিরতির পর দলের শীর্ষ নেতাকে কাছ থেকে দেখা এবং তার দিকনির্দেশনামূলক বক্তব্য শোনার জন্য হাজারো মানুষ প্রবল আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন। সরেজমিনে দেখা যায়, নগরীর বিভিন্ন প্রান্ত থেকে মিছিল নিয়ে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীরা সমাবেশস্থলে সমবেত হচ্ছেন।

 

চট্টগ্রাম নগর ও জেলার ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, ওলামা দল এবং মহিলা দলের নেতাকর্মীরা সুশৃঙ্খলভাবে মিছিলে অংশ নিচ্ছেন। মানুষের ব্যাপক উপস্থিতির কারণে টাইগারপাস থেকে পলোগ্রাউন্ডমুখী সড়কে সাধারণ যান চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে।

 

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মোড়ে মোড়ে সেনাবাহিনী ও পুলিশের বিপুলসংখ্যক সদস্য সতর্ক অবস্থানে রয়েছেন। সমাবেশে উপস্থিত নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস ও আবেগের বহিঃপ্রকাশ লক্ষ্য করা গেছে।

 

সরকারি হাজী মুহাম্মদ মহসীন কলেজ ছাত্রদলের সদস্য সচিব জাহাঙ্গীর আলম জানান, বর্তমান প্রজন্মের তরুণরা দীর্ঘ সময় ধরে তারেক রহমানকে সরাসরি দেখার সুযোগ পায়নি। তাই তাকে একনজর দেখার জন্য এবং তার বক্তব্য শোনার জন্য তরুণ সমাজ উদগ্রীব হয়ে আছে।

 

অন্যদিকে, চট্টগ্রাম নগর যুবদলের সাবেক দপ্তর সম্পাদক মোহাম্মদ সগির বলেন, বাংলাদেশের রাজনীতির মোড় পরিবর্তনে চট্টগ্রাম সর্বদা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আগামীর বাংলাদেশ বিনির্মাণে তারেক রহমানের পরিকল্পনা কী, তা সরাসরি শোনার জন্য নগরবাসী অধীর আগ্রহে অপেক্ষা করছে।

 

প্রায় ২০ বছর পর তার এই সফরকে ঘিরে পুরো শহরেই এক ধরনের রাজনৈতিক জাগরণ সৃষ্টি হয়েছে। দলীয় সূত্রে জানা গেছে, দিনের কর্মসূচির শুরুতে সকাল সাড়ে ৯টায় তরুণদের সঙ্গে একটি বিশেষ পলিসি ডায়ালগে অংশ নেন বিএনপি চেয়ারম্যান।

 

এরপর বেলা সাড়ে ১১টায় তিনি পলোগ্রাউন্ডের মূল মঞ্চে প্রধান অতিথি হিসেবে যোগ দেন। চট্টগ্রাম সফর শেষে ফেনী, কুমিল্লা ও নারায়ণগঞ্জে একাধিক পথসভায় তার অংশ নেওয়ার কথা রয়েছে। উল্লেখ্য, তারেক রহমান সর্বশেষ ২০০৫ সালে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের প্রচারণায় অংশ নিতে লালদিঘী ময়দানে এসেছিলেন।

 

এই বিশাল জনসমাবেশকে ঘিরে প্রশাসন সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। নগরজুড়ে প্রায় দুই হাজার পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। পুরো সমাবেশ এলাকাকে রেড, ইয়েলো ও গ্রিন-এই তিন স্তরের নিরাপত্তা জোনে ভাগ করা হয়েছে।

 

মূল মঞ্চকে 'রেড জোন' হিসেবে চিহ্নিত করা হয়েছে, যেখানে শুধুমাত্র দলের জ্যেষ্ঠ নেতারা ও সংসদ সদস্য প্রার্থীরা অবস্থান করছেন। সংবাদকর্মী ও নারীদের জন্য মঞ্চের সামনের অংশটি 'ইয়েলো জোন' এবং সাধারণ দর্শকদের জন্য পুরো মাঠটি 'গ্রিন জোন' হিসেবে নির্ধারণ করা হয়েছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর নজর এখন বাংলাদেশের রাজনীতির এই গুরুত্বপূর্ণ জনসভার দিকে।