চাঁদের যে অংশটি পৃথিবী থেকে কখনও দেখা যায় না, সেই ‘ফার সাইড’ বা ‘অজানা অংশ’-এর একটি বড় রহস্য উন্মোচন করেছেন চীনের বিজ্ঞানীরা। চীনের চ্যাঙ'ই-৬ (Chang'e-6) মিশনের ফিরিয়ে আনা চাঁদের পাথরের নমুনা বিশ্লেষণ করে তারা জানতে পেরেছেন, চাঁদের ওই অংশের ভূ-গর্ভস্থ তাপমাত্রা পৃথিবীর দিকে থাকা অংশের চেয়ে প্রায় ১০০ ডিগ্রি সেলসিয়াস কম। সোমবার (৬ অক্টোবর) চায়না ন্যাশনাল স্পেস অ্যাডমিনিস্ট্রেশন এবং চায়না অ্যাটমিক এনার্জি অথরিটি যৌথভাবে এই যুগান্তকারী আবিষ্কারের কথা ঘোষণা করে।
চীনের মহাকাশযান চ্যাঙ'ই-৬ প্রথমবারের মতো চাঁদের ‘ফার সাইড’ থেকে পাথর ও মাটির নমুনা সংগ্রহ করে পৃথিবীতে ফিরে আসে। বেইজিং রিসার্চ ইনস্টিটিউট অফ ইউরেনিয়াম জিওলজির বিজ্ঞানীরা এই নমুনা বিশ্লেষণ করে দেখেছেন, প্রায় ২৮০ কোটি বছর পুরোনো ওই অঞ্চলের ব্যাসল্ট শিলাগুলোর গঠন পৃথিবীর দিকে থাকা অংশের শিলার চেয়ে ভিন্ন। এই গবেষণার প্রধান গবেষক হি শেং বলেন, "এই আবিষ্কারটি চাঁদের দুই গোলার্ধের মধ্যেকার পার্থক্য, বিশেষ করে ভূ-অভ্যন্তরীণ তাপমাত্রার ভিন্নতা বোঝার জন্য এক নতুন দিগন্ত উন্মোচন করেছে।"
এর আগে, অ্যাপোলো এবং চ্যাঙ'ই-৫ মিশনের মাধ্যমে চাঁদের দৃশ্যমান অংশের নমুনা সংগ্রহ করা হলেও, ‘অজানা অংশ’ থেকে নমুনা সংগ্রহ ও বিশ্লেষণ প্রথম। আরেক গবেষক লি তিং বলেন, "এখন পর্যন্ত চাঁদের অপর পিঠ নিয়ে যা কিছু ধারণা করা হতো, তার সবকিছুই এখন বাস্তব প্রমাণের ভিত্তিতে যাচাই করা সম্ভব হবে।" এই গবেষণাটি বিজ্ঞান সাময়িকী ‘নেচার জিওসায়েন্স’-এ প্রকাশিত হয়েছে। চাঁদের উৎপত্তি এবং বিবর্তন সম্পর্কে জানতে এই আবিষ্কার বিজ্ঞানীদের গবেষণায় উল্লেখযোগ্য ভাবে সাহায্য করবে বলে মনে করা হচ্ছে।